রোমায় রাজকীয় অভ্যর্থনা দিবালার
ইতারনাল সিটির সবচেয়ে আইকনিক ভবনগুলোর একটির সিঁড়িতে বসেছিলেন দিবালা। সামনে অগ্নিশিখা দিয়ে ধোঁয়ায় পরিণত করছে রাতের আকাশ। মুখের অভিব্যক্তিই দেয় রোমার সমর্থকদের এমন অভ্যর্থনা প্রত্যাশা করেননি মোটেও। বিস্ময় ভরা নয়নে কেবল দেখেই গেলেন। হাজার হাজার সমর্থকরা ক্লাবের মূল সঙ্গীত গেয়ে বরণ করে নিচ্ছেন সদ্যই রোমায় যোগ দেওয়া এ ফুটবলারকে। ঠিক যেমনটা স্তাদিও অলিম্পিকোতে কিক-অফের আগে করে থাকেন তারা।
অথচ চলতি মৌসুমে একটি ক্লাব নিশ্চিত করার জন্য প্রায় দ্বারে দ্বারে ঘোরার মতো অবস্থা ছিল দিবালার। কথা দিয়েও বিকল্প খেলোয়াড় পাওয়ায় নিজেদের কথা ভেঙেছেন জুভেন্টাস, ইন্টার মিলানের মতো দলগুলো। কিন্তু ভাগ্য দেবী ভিন্ন কিছুই লিখে রেখেছিল এ আর্জেন্টাইন তারকার জন্য। যোগ দিলেন রোমায়। আর সেখানে রীতিমতো রাজকীয় অভ্যর্থনায় তাকে বরণ করে নিয়েছেন রোমানিস্টিরা।
রোমের ইইউআর বিভাগে পালাজো দেলা সিভিলতা ইতালিয়ানাতে স্থাপন করা হয় মঞ্চ। ঠিক যেখানে ফেন্দি ফ্যাশন হাউস যেখানে তাদের শো করে সেখানেই আগের দিন সাম্প্রতিক সময়ের সেরা স্বাক্ষর করা খেলোয়াড়কে উপস্থাপন করে রোমা। বেনিতো মুসোলিনির নির্মিত বিশাল সাদা ভবনটি তখন লাল এবং হলুদ রঙে আলোকিত। রানওয়েতে রোমার খেলোয়াড় হিসেবে উন্মোচিত হওয়া দেখতে উপস্থিত তখন প্রায় আট হাজার সমর্থক। ঘোর লাগা দৃষ্টি নিয়ে রোমার জার্সি পরে ধীরে ধীরে মঞ্চে আসেন দিবালা।
রোমার হয়ে মাঠে নামার আগেই একটি নতুন ইতিহাস গড়ে ফেলেছেন দিবালা। ইতালিতে সবচেয়ে বেশি জার্সি বিক্রির রেকর্ডটা এখন এ আর্জেন্টাইনের। যা ২০১৮ সালে জুভেন্টাসে যোগ দিয়ে গড়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। অথচ নিয়মিত পরে আসা ১০ নম্বর জার্সিও পাননি। যদিও ক্লাব রাজী ছিল। তবে ফ্রান্সিস্কো তত্তিকে সম্মান দেখিয়ে ২১ নম্বর জার্সি বেছে নিয়েছেন। এখন সমর্থকদের প্রত্যাশা পূরণের পালা এ তারকার।
গত বছর বেশ হৈচৈ ফেলেই স্পেশাল ওয়ান খ্যাত কোচ জোসে মরিনহো দলে টেনেছিল রোমা। তাকে পেয়েও দারুণ উচ্ছ্বসিত ছিল রোমার সমর্থকরা। তবে এবার তাকে ছাপিয়ে সবচেয়ে বড় স্বাক্ষর হয়েই এলেন দিবালা। যদিও এসেছেন সেই মরিনহোর কারণেই। আব্রাহাম, দিবালা, জানিওলো ও পেলেগ্রিনিকে নিয়ে গড়া রোমার আক্রমণভাগ এখন ইউরোপের সেরাদের একটি। সময়ই বলে দেবে গিয়ালোরোসিকে তারা কোথায় নিয়ে যাবেন?