লা ফিনালিসিমার একাদশে একগাদা বদল আনছেন আর্জেন্টিনার কোচ
ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে উড়িয়ে লা ফিনালিসিমার শিরোপা উঁচিয়ে ধরার পর এস্তোনিয়ার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে শুরুর একাদশে একগাদা বদল আনতে যাচ্ছেন কোপা আমেরিকার শিরোপাধারীদের কোচ লিওনেল স্কালোনি। তবে রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী তারকা লিওনেল মেসিকে বিশ্রাম দেওয়া হচ্ছে না।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এস্তোনিয়াকে মোকাবিলা করবে দুইবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্পেনের নাভারেতে খেলাটি শুরু হবে রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায়। এই ম্যাচে আলবিসেলস্তেদের নিয়মিত একাদশের বেশিরভাগ ফুটবলারকে শুরু থেকে মাঠে দেখা যাবে না। সাধারণত যারা বেঞ্চে থাকেন, তাদের পরখ করে নেওয়ার ইচ্ছা দলটির কোচ স্কালোনির।
আর্জেন্টাইন গণমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইতালির বিপক্ষে ম্যাচের শুরুর একাদশের মাত্র তিন জন জায়গা ধরে রাখছেন। তারা হলেন আর্জেন্টিনার অধিনায়ক ও সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসি, মিডফিল্ডার রদ্রিগো দে পল ও রাইট-ব্যাক নাহুয়েল মলিনা। লা ফিনালিসিমায় ক্লিনশিট রাখা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে অবশ্য একেবারেই পাচ্ছে না আর্জেন্টিনা। তার পরিবর্তে গোলপোস্ট সামলাতে পারেন ফ্রাঙ্কো আরমানি।
রক্ষণভাগে নিকোলাস তাগলিয়াফিকো, নিকোলাস ওতামেন্দি ও ক্রিস্তিয়ান রোমেরোর জায়গায় দেখা যেতে পারে হারমান পেজ্জেয়া, লিসান্দ্রো মার্তিনেজ ও মার্কোস আকুনিয়াকে। মিডফিল্ডে গিদো রদ্রিগেজ ও জিওভানি লো সেলসোর স্থান নিতে পারেন আলেক্সিস মাক-আলিস্তার ও আলেহান্দ্রো গোমেজ। আক্রমণভাগে মেসির পাশে থাকতে পারেন হুলিয়ান আলভারেজ ও হোয়াকিন কোরেয়া। অর্থাৎ আনহেল দি মারিয়া ও লাউতারো মার্তিনেজের বেঞ্চে জায়গা হওয়ার সম্ভাবনা প্রবল।
ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে চার নম্বরে রয়েছে আর্জেন্টিনা। এস্তোনিয়ার অবস্থান ১১০ নম্বরে। নামে-ভারে বিস্তর ব্যবধান থাকায় তাদের বিপক্ষে সহজ জয়ই প্রত্যাশা করবে স্কালোনির শিষ্যরা। ২০১৯ সালের জুলাই থেকে টানা ৩২ ম্যাচে অপরাজিত রয়েছে তারা।
উল্লেখ্য, লা ফিনালিসিমায় গত বুধবার রাতে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে আর্জেন্টিনা ৩-০ গোলে বিধ্বস্ত করে চারবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে। একপেশে লড়াইয়ে প্রথমার্ধে তাদের পক্ষে লক্ষ্যভেদ করেন লাউতারো ও দি মারিয়া। দ্বিতীয়ার্ধের শেষদিকে বদলি নামা পাওলো দিবালা বাড়ান জয়ের ব্যবধান।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি;
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, হারমান পেজ্জেয়া, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনিয়া;
মিডফিল্ডার: আলেক্সিস মাক-আলিস্তার, রদ্রিগো দে পল, আলেহান্দ্রো গোমেজ;
ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, হোয়াকিন কোরেয়া।