লিভারপুলের বিপক্ষে ব্যর্থ হালান্ডকে নিয়ে চিন্তিত নন গার্দিওলা 

By স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার সিটির জার্সিতে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেকে নিজের সামর্থ্যের ছাপ রাখতে পারেননি আর্লিং হালান্ড। কমিউনিটি শিল্ড জয়ের লড়াইয়ের লিভারপুলের বিপক্ষে তিনি ছিলেন নিজের ছায়া হয়ে। ম্যাচের শেষদিকে ফাঁকা গোলপোস্ট পেয়েও অবিশ্বাস্য এক মিস করে বসেন নরওয়ের এই তরুণ স্ট্রাইকার। তবে হালান্ডকে নিয়ে এখনই চিন্তার কিছু দেখছেন না সিটিজেনদের কোচ পেপ গার্দিওলা।

শনিবার রাতে লেস্টার সিটির ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে লিভারপুলের কাছে ৩-১ গোলে হেরেছে ম্যান সিটি। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড প্রথমার্ধে অলরেডদের এগিয়ে নেন। বিরতির পর গার্দিওলার দলকে সমতায় ফেরান হুলিয়ান আলভারেজ। কিন্তু তাদের স্বস্তি স্থায়ী হয়নি বেশিক্ষণ। অল্প সময়ের ব্যবধানে পেনাল্টি থেকে মোহামেদ সালাহ গোল করলে লিভারপুল ফের এগিয়ে যায়। এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে লক্ষ্যভেদ করেন অভিষিক্ত দারউইন নুনেজ। ফলে কমিউনিটি শিল্ড জেতার উল্লাসে মাতে ইয়ুর্গেন ক্লপের দল।

ইংল্যান্ডের নতুন ঘরোয়া মৌসুমের প্রথম শিরোপার লড়াইয়ের প্রথমার্ধে ধুঁকেছে ম্যান সিটি। সেসময় দুটি সুযোগ পেয়েছিলেন হালান্ড। কিন্তু চলমান গ্রীষ্মকালীন দলবদলে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটিতে যোগ দেওয়া এই তারকা সেগুলো কাজে লাগাতে পারেননি। নুনেজের গোলের পর একেবারে শেষ মুহূর্তে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ নষ্ট করেন তিনি। ডি-বক্সের বাইরে থেকে ফিল ফোডেনের নেওয়া শট ঝাঁপিয়ে ফিরিয়ে দেন লিভারপুলের গোলরক্ষক আদ্রিয়ান। এরপর গোলমুখে ফাঁকায় বল পেয়ে যান হালান্ড। কিন্তু তার শট ক্রসবারে লেগে চলে যায় বাইরে।

হালান্ডের বিস্ময়কর ওই মিস নিয়ে ম্যাচের পর গার্দিওলার কাছে প্রশ্ন রাখা হলে তিনি উল্টো শিষ্যের প্রশংসায় মাতেন, 'সে শক্তিশালী। অন্য কোনো সময়ে একই রকমের সুযোগ পেলে সে বল জালে পাঠাবে। এটাই ফুটবল। সে জায়গামতো ছিল।... ম্যাচে তার আরেকটি গোল বাতিল হয়ে যায় কারণ বল মাঠের বাইরে চলে গিয়েছিল। সুতরাং, তার প্রতিভা আছে এবং সে গোল করবে। সে সুযোগ পেয়েছিল, প্রথমার্ধে দুই-তিনটি ও একদম শেষে একটি।'

সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড হালান্ডের পারফরম্যান্সে বিচলিত না হওয়ার কথা জানান স্প্যানিশ কোচ গার্দিওলা, 'আমি উদ্বিগ্ন বা চিন্তিত নই। জিততে পারলে এবং সে গোল করলে আমি খুশি হতাম। কিন্তু বাস্তবতা হলো আমাদের সামনে ১১ মাস আছে যেখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। বিশ্বকাপকে মাথায় রাখলে শিগগিরই প্রতি তিন দিনে আমরা একটি করে ম্যাচ খেলব। আর সে তখন আমাদের সাহায্য করবে।'

আগামী ৭ অগাস্ট প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযানে নামবে গার্দিওলার ম্যান সিটি। প্রথম ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মাঠে খেলতে নামবে তারা। খেলাটি শুরু হবে বাংলাদশ সময় রাত নয়টা ৩০ মিনিটে।