সাংবাদিকের তোপ এড়াতে আর্জেন্টিনার সঙ্গে ব্রাজিলকেও ফেভারিট বললেন এনরিকে!

স্পোর্টস ডেস্ক

স্পেনের কোচ লুইস এনরিকের মতে, আগামী কাতার বিশ্বকাপ জয়ে সবচেয়ে ফেভারিট লিওনেল মেসির আর্জেন্টিনা। পাশাপাশি নেইমারের ব্রাজিলকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করেছেন তিনি। কারণ, তার শঙ্কা, রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নাম না নিলে কোনো ব্রাজিলিয়ান সাংবাদিকের তোপের মুখে পড়তে হতে পারে তাকে!

উয়েফা নেশন্স লিগের 'এ' লিগের দুই নম্বর গ্রুপে ঘরের মাঠে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে স্প্যানিশরা। মালাগার লা রোজাদেলাতে ম্যাচটি শুরু হবে রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে। চেকদের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে বিশ্বকাপ নিয়েও নানা প্রশ্নের জবাব দিতে হয় এনরিকেকে। কারণ, আর মাত্র কয়েক মাস পরই তো কাতারে শুরু হবে ফুটবলের মহাযজ্ঞ।

২০২১ সালের কোপা আমেরিকার শিরোপা জেতা আর্জেন্টিনা রয়েছে দুর্দান্ত ছন্দে। ২০১৮ সালের মাঝামাঝি থেকে সবমিলিয়ে ৩৩ ম্যাচে অপরাজিত আছে লিওনেল স্কালোনির শিষ্যরা। গত মাসে একপেশে লড়াইয়ে ২০২০ ইউরোর চ্যাম্পিয়ন ইতালিকে উড়িয়ে লা ফিনালিসিমা জিতে নিজেদের শক্তিমত্তার জানান দেয় তারা।

Luis-Enrique.jpg
ছবি: রয়টার্স

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আলবিসেলেস্তেদের এমন অপ্রতিরোধ্য ফর্মের কারণে তাদেরকে বিশ্বকাপের হট ফেভারিট ভাবছেন অনেকে। সেই তালিকায় আছেন বার্সেলোনার সাবেক কোচ এনরিকেও, '(কোন দল বিশ্বকাপে ফেভারিট) এই প্রশ্নের উত্তরে আমি আর্জেন্টিনার নাম বলতে চাই। বাকিদের চেয়ে তারা অনেক অনেক এগিয়ে। এরপর ব্রাজিল।'

আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলও পিছিয়ে নেই। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের শীর্ষ স্থানটি দখল করে তারা নাম লিখিয়েছে ফুটবলের সর্বোচ্চ আসরে। বাছাইয়ের ১৭ ম্যাচের ১৪টিতে জয়ের সঙ্গে বাকি তিনটিতে ড্র করেছে সেলেসাওরা। প্রতিপক্ষের জালে ৪০ বার বল পাঠানোর বিপরীতে তারা হজম করেছে মোটে ৫ গোল।

তবে এসব পরিসংখ্যান নয়, সম্পূর্ণ ভিন্ন এক কারণে তিতের শিষ্যদের ফেভারিটের তালিকায় রেখেছেন এনরিকে, 'ব্রাজিলের নাম যে কারণে বলছি, তার পেছনে মুখ্য কারণ হলো (তাদের নাম) না বললে কোনো ব্রাজিলিয়ান সাংবাদিক এসে জিজ্ঞেস করবেন, "আপনি তাহলে মনে করেন যে ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনা ভালো দল?" কারণ, আপনি যা-ই বলবেন না কেন, সেটা বিকৃত করা হবে। তবে এটা ঠিক যে তারা (আর্জেন্টিনা ও ব্রাজিল) বাকিদের চেয়ে অনেক এগিয়ে।'

উল্লেখ্য, নেশন্স লিগের 'এ' লিগের দুই নম্বর গ্রুপের পয়েন্ট তালিকায় দুইয়ে রয়েছে স্পেন। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৫ পয়েন্ট। ৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে পর্তুগাল। তিনে থাকা চেক প্রজাতন্ত্রের অর্জন ৪ পয়েন্ট। সুইজারল্যান্ড এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। আগের দেখায় চেকদের মাটিতে ২-২ গোলে ড্র করেছিল স্প্যানিশরা।