স্পেন দলে গাভিসহ বার্সার চার খেলোয়াড়, কেউ নেই রিয়ালের

স্পোর্টস ডেস্ক

বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত মোটে ছয়টি ম্যাচ খেলেছেন গাভি। তাতেই স্পেন জাতীয় দলের কোচের মনে ধরেছেন ১৭ বছর বয়সী এই মিডফিল্ডার। তাকে নিয়েই উয়েফা নেশন্স লিগের ফাইনালসের জন্য দল ঘোষণা করেছেন লুইস এনরিকে।

আগামী মাসে ইতালিতে অনুষ্ঠিত হবে নেশন্স লিগের চার দলের ফাইনালস। বৃহস্পতিবার সেজন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে স্পেন।

বার্সার চার ফুটবলার ডাক পেলেও দেশটির আরেক শক্তিশালী ক্লাব রিয়াল মাদ্রিদের কাউকে স্কোয়াডে রাখেননি এনরিকে। গত জুন-জুলাইতে মাঠে গড়ানো ইউরো চ্যাম্পিয়নশিপ এবং চলতি মাসের শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বের স্পেন দলেও ছিল না রিয়ালের কোনো খেলোয়াড়। গাভি ছাড়া কাতালানদের বাকি তিনজন হলেন এরিক গার্সিয়া, সার্জিও বুসকেতস ও পেদ্রি।

নেশন্স লিগের দ্বিতীয় আসরের প্রথম সেমিফাইনালে আগামী বুধবার রাতে মিলানে স্বাগতিক ও ইউরোর শিরোপাধারী ইতালিকে মোকাবিলা করবে স্পেন। দ্বিতীয় সেমিতে পরদিন লড়বে ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা বেলজিয়াম ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। দুই সেমিফাইনালের বিজয়ীরা আগামী ১১ অক্টোবর মুখোমুখি হবে ফাইনালে।

স্পেন স্কোয়াড:

গোলরক্ষক: দাভিদ দে গেয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), উনাই সিমন (আথলেতিক বিলবাও), রবার্ত সানচেজ (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন);

ডিফেন্ডার: সেজার আজপিলিকুয়েতা (চেলসি), পেদ্রো পোরো (স্পোর্তিং লিসবন), এরিক গার্সিয়া (বার্সেলোনা), আইমেরিক লাপোর্ত (ম্যানচেস্টার সিটি), ইনিগো মার্তিনেজ (আথলেতিক বিলবাও), পাউ তরেস (ভিয়ারিয়াল), সার্জিও রেগিলন (টটেনহ্যাম হটস্পার), মার্কোস আলোনসো (চেলসি);

মিডফিল্ডার: সার্জিও বুসকেতস (বার্সেলোনা), রদ্রি (ম্যানচেস্টার সিটি), পেদ্রি (বার্সেলোনা), মিকেল মেরিনো (রিয়াল সোসিয়েদাদ), কোকে (আতলেতিকো মাদ্রিদ), গাভি (বার্সেলোনা);

ফরোয়ার্ড: ফেরান তরেস (ম্যানচেস্টার সিটি), পাবলো সারাবিয়া (স্পোর্তিং লিসবন), মিকেল ওইয়ারজাবাল (রিয়াল সোসিয়েদাদ), পাবলো ফোরনালস (ওয়েস্টহ্যাম ইউনাইটেড), মার্কোস ইয়োরেন্তে (আতলেতিকো মাদ্রিদ), ইয়েরেমি পিনো (ভিয়ারিয়াল)।