১২ বছর নিষেধাজ্ঞা কাটিয়ে ৪৬ বছর বয়সে ফিরলেন ইতালিয়ান ফুটবলার
৪৬ পার হয়ে বয়সটা ৪৭ ছুঁইছুঁই। শেষবার খেলেছেন ১২ বছর আগে। সেই ফুটবলার আবার ফিরলেন মাঠে। নিষেধাজ্ঞা কাটিয়ে রোববার ইতালির পঞ্চম স্তরের লিগ দিয়ে ফের মাঠে ফিরলেন সাবেক ফিওরেন্টিনা ফরোয়ার্ড ফ্রান্সিস্কো ফ্লাকি।
২০১০ সালে ব্রেসসিয়ার সিরি বিতে অবনমনের সময়ে শেষবার প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ফ্লাকি। এরপরই ১২ বছরের নিষেধাজ্ঞায় পড়েন তিনি। তার শরীরে নিষিদ্ধ মাদকের উপস্থিতি পাওয়ায় তাকে এ নিষেধাজ্ঞা দিয়েছিল ইতালিয়ান ফুটবল কর্তৃপক্ষ। একই কারণে এর আগে ২০০৬ সালেও দুই মাসের জন্য নিষিদ্ধ ছিলেন তিনি।
আগের দিন সিগনা ১৯১৪ এর হয়ে মাঠে নামেন ফ্লাকি। প্রাতো ২০০০ এর বিপক্ষে বদলি নেমে খেলেছেন ৩০ মিনিট।
এমন ফিরে আসায় দারুণ উচ্ছ্বসিত এ ফুটবলার। ম্যাচ শেষে বলেছেন, '১২ বছরের নিষেধাজ্ঞা শেষে এটা আমার দ্বিতীয় জন্ম। প্রথমে মাথা খারাপ হয়ে গিয়েছিল, টেনশনে এক সপ্তাহ ঘুমাইনি। এখন আমি খুব খুশি, আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা একজন ফুটবলার হিসেবে আমাকে আগের মতো অনুভব করেছে।'
মূলত মাঠ থেকে অবসর নেওয়ার জন্য আবার ফিরলেন এ ইতালিয়ান। নিষেধাজ্ঞা থেকে মুক্তির কথা মাথা রেখে গত পাঁচ মাস ধরেই অনুশীলন করেছেন এ ফুটবলার। ফ্লোরেন্সে তার বাড়ির কাছেই পঞ্চম স্তরের দল সিগনার হয়ে অনুশীলন চালান তিনি।
প্রথম স্তরের ফুটবলে প্রায় ১০০ এর বেশি ম্যাচ খেলেছেন ফ্লাকি। ১৯৯৩ সালে ফিওরেন্টিনা দিয়ে ক্যারিয়ার শুরু করা এ ফরোয়ার্ড খেলেছেন সাম্পদরিয়ার মতো ক্লাবেও। এমনকি জাতীয় দলের পাইপলাইনেও ছিলেন তিনি। ইতালির যুব দলের হয়ে খেলেছেন।