৩৬ বছর পর ফ্রান্সের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে এমবাপের হ্যাটট্রিক
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কাজাখস্তানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা খেলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। অপেক্ষাকৃত দুর্বল দলটিকে ৮ গোলের মালা পড়িয়েছে তারা। আর তার মূল কৃতিত্বই তরুণ তারকা কিলিয়ান এমবাপের। দারুণ এক হ্যাটট্রিক তুলে একাই করেছেন ৪ গোল। ৩৬ বছর পর ফ্রান্সের হয়ে কেউ প্রতিযোগিতামূলক ম্যাচে হ্যাটট্রিক করার কীর্তি অর্জন করলেন।
অথচ এর মাঝে দুটি বিশ্বকাপ জিতেছে ফ্রান্স। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছে একবার। জিনেদিন জিদানের মতো কিংবদন্তি এ সময়েই খেলেছেন। খেলেছেন থিয়েরি অরিঁর মতো জাদুকরী খেলোয়াড়রাও। কিন্তু প্রতিযোগিতামূলক ম্যাচে ১৯৮৫ সালের পর একটি হ্যাটট্রিকের জন্য অপেক্ষা করতে হলো এতো লম্বা সময়।
সেবার ১৯৮৬ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করেছিলেন ডমিনিক রোচেতু। তবে গত ৩৬ বছর অবশ্য দুটি হ্যাটট্রিক রয়েছে ফ্রান্সের হয়ে। সে দুটিই এসেছে প্রীতি ম্যাচে। ২০০০ সালে বিশ্ব একাদশের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন দাভিদ ত্রেজেগুয়ে। এরপর ২০১৭ সালে প্যারাগুয়ের বিপক্ষে হ্যাটট্রিক পান অলিভার জিরু।
ঘরের মাঠে শনিবার রাতে ইউরোপ অঞ্চলের বাছাইয়ে 'ডি' গ্রুপের ম্যাচে কাজাখস্তান উড়িয়ে দিয়ে কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে ফ্রান্স। ম্যাচের প্রথম ১২ মিনিটের মধ্যে দুই গোল করে দলকে এগিয়ে নেন এমবাপে। ৩২তম মিনিটে করেন নিজের হ্যাটট্রিক পূরণ। ৮৭তম মিনিটে চতুর্থ গোল করেন তিনি। এর মাঝে অবশ্য করিম বেনজেমাকে দিয়ে একটি গোল করিয়েছেন এ তরুণ।
একই সঙ্গে আরও একটি কীর্তি স্পর্শ করেছেন এমবাপে। ৬৩ বছর পর ফ্রান্সের হয়ে এম ম্যাচে ৪ গোল করার নজির গড়েন তিনি। এর আগে ১৯৫৮ সালের বিশ্বকাপে পশ্চিম জার্মানির বিপক্ষে ৪ গোল করেছিলেন জাঁ ফতেঁইন।