এমন আউটফিল্ডেও খেলা হয়!

স্পোর্টস রিপোর্টার

পার্লের বোলান্ড পার্কে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। শুরু থেকে সাবধানী খেলছেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার হাশিম আমলা ও কুইন্টেন ডি কক। তবে খেলা শুরুর পর থেকে বারবার টিভি পর্দায় ভেসে উঠছে ওই মাঠের আউটফিল্ড। জায়গায় জায়গায় ক্ষত বিক্ষত আউটফিল্ডে কীভাবে খেলা হয় তা নিয়ে অবাক ধারাভাষ্যকারাও।

বোলান্ড পার্কের আউটফিল্ড দেখে আগের দিনই হতাশা জানিয়েছে বাংলাদেশ দল। দলের হয়ে সংবাদ সম্মেলনে দলের হয়ে কথা বলতে এসে তামিম ইকবাল তো বললেন, ‘এ যেন আবাহনী মাঠ’।  টিভি পর্দায় দেখে মনে হলো আবাহনী মাঠ থেকেও বোধহয় খারাপ অবস্থা বোলান্ড পার্কের।

গত দিন দুয়েকের বৃষ্টিতে আউটফিল্ড এমনিতেই স্লো। সেটা হয়ত ফিল্ডারদের জন্য সমস্যা হতো না কিন্তু জায়গায় জায়গায় কাদা, উঁচুনিচু অবস্থার কারণে বল ধরতে ভুগছেন ফিল্ডাররা। সমস্যা হচ্ছে ব্যাটসম্যানদেরও। গায়ের জোরে মারলেও যেন বল পেরুতে চাইছে না বাউন্ডারি। সবচেয়ে শঙ্কায় আছেন আসলে ফিল্ডাররাই। এমন বিপদজনক আউটফিল্ডের কারণে ইনজুরিতে পড়ার ঝুঁকি থেকেই যাচ্ছে।

খেলার আগে খারাপ অবস্থা ছিল ৩০ গজের বৃত্তের ভেতরেও। বাইরে থেকে ঘাস এনে জোড়াতালি দিয়ে ঠিক করা হয়েছে তা।

বোলান্ড পার্কে আগে কখনো খেলেনি বাংলাদেশ। এই মাঠে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট হওয়ারও পরিসংখ্যান নেই। শেষবার ২০১৩ সালে জানুয়ারিতে নিউজিল্যান্ডের সঙ্গে খেলেছিল স্বাগতিকরা।