ভারতের বিশ্বকাপ স্কোয়াডে যে দুজনের জায়গা একদম নিশ্চিত!
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার এখনো সাড়ে তিন মাস বাকি। বিশ্বকাপের আগে সব দলেরই আছে অনেকগুলো ম্যাচ। ভারতের মতো দলে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার লড়াই বেশ তুমুল। তবে অধিনায়ক, সহ-অধিনায়ক বাদ দিলে অন্তত দুজনের জায়গা এখনি নিশ্চিত দেখতে পারছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ।
ভারতীয় এক গণমাধ্যমের সঙ্গে আলাপে এই দক্ষিণ আফ্রিকান নাম নিয়েছেন পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও কিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিকের।
চোট কাটিয়ে ফেরার পর বোলিং-ব্যাটিং মিলিয়ে হার্দিক আছেন সেরা ছন্দে। দারুণ প্রভাব বিস্তার করা পারফর্ম করে আইপিএলে গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন বানান তিনি। বয়স ৩৭ পেরিয়ে গেলেও কার্তিক যেন নতুন উদ্যমে শুরু করেছেন সব। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে প্রায় প্রতি ম্যাচেই ঝড় তুলেছেন। টুর্নামেন্ট সেরা স্ট্রাইকরেটও তার।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও দেখা গেছে তাদের ঝলক। চার ইনিংসে ১৫৩.৯ স্ট্রাইকরেটে হার্দিক করেন ১১৭ রান। ৫ ওভার বল করে যদিও ছিলেন উইকেটশূন্য। সাত নম্বরে নেমে কার্তিক ৪ ইনিংসে ১৫৮.৯ স্ট্রাইকরেটে এক ফিফটিতে করেন ৯২ রান।
বিশ্বকাপের আগে এখনো অনেক খেলা বাকি থাকলেও স্মিথের মতে এই দুজনকে উপেক্ষা করা প্রায় অসম্ভব, 'এখনো অনেক ক্রিকেট বাকি আছে। আগামী কয়েক মাসে কি হবে অনুমান করা কঠিন। কিন্তু এটা ভেবে নেওয়া যায় যে হার্দিক (পান্ডিয়া) ও ডিকে (দীনেশ কার্তিক) বিশ্বকাপ স্কোয়াডে থাকবে। ডিকের অভিজ্ঞতা ঋদ্ধ আর ফিনিশিং সামর্থ্য দুর্দান্ত। হার্দিক তার খেলাটায় অনেক নিয়ন্ত্রণ রাখছে। মানসিকভাবে তাকে খুব থিতু মনে হচ্ছে। এবং সে এক্স-ফ্যাক্টর অলরাউন্ডার যে দলে রবীন্দ্র জাদেজার সঙ্গে ভারসাম্য আনবে। কাজেই এই দুজন ছাড়া আমি ভারতের বিশ্বকাপ স্কোয়াড ভাবতে পারছি না।'
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনটি দ্বি-পাক্ষিক সিরিজ ও এশিয়া কাপ আছে ভারতের সামনে।