অক্টোবরের প্রথম সপ্তাহে সীমিত পরিসরে ঢাবির হল খোলার সিদ্ধান্ত

নিজস্ব সংবাদদাতা, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক শেষবর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষার্থীদের জন্য অক্টোবরের প্রথম সপ্তাহে আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাবি প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাইফুল ইসলাম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বিষয়ে একটি রোডম্যাপও তৈরি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোডম্যাপ অনুসরণ করে হলে আবাসিক শিক্ষার্থীদের তোলা হবে।

তিনি বলেন, 'সভায় অক্টোবর মাসের প্রথম সপ্তাহে হল খুলে দিয়ে পরীক্ষার্থীদের হলে তোলার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রথমে অনার্স ফাইনাল ইয়ার ও মাস্টার্সের শিক্ষার্থীদের হলে তোলা হবে।'

'তাদের পরীক্ষা শেষ হলে পর্যায়ক্রমে আগের সেশনের পরীক্ষার্থীদের হলে তোলা হবে,' বলেন তিনি।

তবে, অনলাইনে পরীক্ষা গ্রহণ ও ক্লাস কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে সভায় জানানো হয়।

সভার সূত্র জানায়, এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ শতাংশ শিক্ষার্থী করোনা টিকা নিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ দুই ডোজ সম্পন্ন করেছেন, আবার অনেকে কেবল প্রথম ডোজ নিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী ও বিভিন্ন হলের প্রভোস্টরা সভায় উপস্থিত ছিলেন।