আজ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসবেন রাবি উপাচার্য
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন সমস্যা ও সমস্যা থেকে উত্তরণের উপায় শীর্ষক উন্মুক্ত আলোচনায় বসতে যাচ্ছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এই আলোচনায় বসবেন তিনি।
আজ বুধবার বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এই উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে।
গতকাল রাতে ট্রাক চাপায় এক শিক্ষার্থী নিহতের ঘটনার প্রেক্ষিতে আন্দোলনে নামে ৪ শতাধিক শিক্ষার্থী। তাদের আন্দোলনে ওঠা বিভিন্ন দাবির পর্যালোচনা করেই এই উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
