ইবিতে অনলাইনে অনার্স-মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা
অনলাইনে বিভিন্ন বিভাগের অনার্স-মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ করবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডিনদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার ড. আমানুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইতোমধ্যে পরীক্ষার গ্রহণের চূড়ান্ত নীতিমালা বিভিন্ন বিভাগে পাঠানো হয়েছে। যেসব বিভাগ প্রস্তুত আছে চাইলে বিভাগের চেয়ারম্যানরা শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে যে কোনো সময় পরীক্ষা শুরু করতে পারেন।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অব্যাহত দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ বছরের মার্চ-এপ্রিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে একাধিক সভা করে। পরবর্তীতে ২৮ মে বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা সশরীরে ও অনলাইনে গ্রহণের নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রকারী এ প্রতিষ্ঠানটি। এ বিষয়ে স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে পরীক্ষার গ্রহণরে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
ইউজিসির নির্দেশনা অনুযায়ী, ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার বিষয়ে ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা করে। সভায় পরীক্ষা নেয়ার বিষয়টি স্ব-স্ব বিভাগের ওপর ছেড়ে দেয় কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট বিভাগকে সশরীরে কিংবা অনলাইনে পরীক্ষার নেওয়ার অনুমতি দেওয়া হয়। পরবর্তীকালে বিষয়টির অগ্রগতি না হলেও উপাচার্য প্রফেসর ড. শেখ আব্দুস সালাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমানকে প্রধান করে চূড়ান্ত নীতিমালা প্রণয়নে একটি কমিটি গঠন করেন।
এ কমিটি পরে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মিজানুর রহমানকে প্রধান করে একটি টেকনিক্যাল উপ-কমিটি গঠন করে। কমিটি অনলাইনে পরীক্ষা গ্রহণের প্রক্রিয়া ও পরামর্শ জানতে স্ব-স্ব অনুষদের ডিনদের চিঠি দেয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো নিজেদের সক্ষমতা ও প্রক্রিয়ার বিষয়গুলো স্ব-স্ব অনুষদীয় ডিনদের কাছে জমা দেয়।
উপ-কমিটি বিভিন্ন বিভাগের মতামতের প্রেক্ষিতে একটি নীতিমালা তৈরি করে। মঙ্গলবার ওই নীতিমালা প্রকাশ করা হয়েছে এবং প্রত্যেক বিভাগে পাঠানো হয়েছে। বিভাগ চাইলে যেকোনো সময় অনলাইনে পরীক্ষা শুরু করতে পারবে।
টেকনিক্যাল উপ-কমিটির প্রধান বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, বিভিন্ন বিভাগ শিক্ষকদের নিয়ে সভা আহবান করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। ইতোমধ্যে গণিত বিভাগ সভা আহবান করেছে। বিভাগের একজন শিক্ষক হিসেবে সেখানে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবেন।
আইন অনুষদের ডিন অধ্যাপক ড. হালিমা খাতুন বলেন, দেশের করোনা পরিস্থিতির বর্তমান অবস্থা শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে এসে পরীক্ষা গ্রহণের অনুকূলে নয়। তাই বিভিন্ন অনুষদ থেকে অনলাইনেই পরীক্ষার পরামর্শ এসেছে।
উপাচার্য প্রফেসর ড. শেখ আব্দুস সালাম বলেন, 'অনেক চিন্তাভাবনা করে ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কী ধরনের উদ্যোগ নিচ্ছে সেসব পর্যবেক্ষণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া ফলপ্রসূ হবে এবং সবার সহযোগিতা কামনা করছি।'