কেনাকাটায় অনিয়মের অভিযোগে ঢাবির নির্বাহী প্রকৌশলীসহ ৩ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল কাজে অনিয়মের অভিযোগে নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. লুৎফর রহমানসহ ৩ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ঘটনায় তাদের কেন স্থায়ী বরখাস্ত করা হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে৷ একইসঙ্গে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড.মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷
গতকাল বুধবার সিন্ডিকেটের এক নিয়মিত সভায় এই সিদ্ধান্ত হয়৷
কমিটি গঠনের বিষয়টি অধ্যাপক ড.মুহাম্মদ সামাদ দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
সার্বিক বিষয়ে সিন্ডিকেট সদস্য অধ্যাপক হুমায়ুন কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিশ্ববিদ্যালয়ের জন্য বিদ্যুতের কিছু জিনিস একটি কোম্পানি থেকে কেনার সিদ্ধান্ত হয়। কিন্তু মালামাল হাতে পাওয়ার আগেই কর্মকর্তারা কোম্পানিকে টাকা দিয়েছেন৷ পরে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি আমলে নিয়ে সিন্ডিকেট নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. লুৎফর রহমান ও তার অধীনস্ত ২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে৷ বিষয়টির অধিকতর তদন্তের জন্য থেকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে৷'