কেমব্রিজ ইন্টারভার্সিটি ডিবেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ব্র্যাক ইউনিভার্সিটি
প্রথম বাংলাদেশি দল হিসেবে কেমব্রিজ ইউনিয়ন আয়োজিত বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ বিতর্ক প্রতিযোগিতা কেমব্রিজ ইন্টারভার্সিটি (আইভি) চ্যাম্পিয়নশিপ ২০২১ এর শিরোপা জিতেছে ব্র্যাক ইউনিভার্সিটির বিতার্কিক দল।
ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অব কমিউনিকেশন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বছর বিশ্বের মোট ১২৪টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে শিরোপা জিতেছেন দুজন শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত ব্র্যাক ইউনিভার্সিটির দলটি। এবারের বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় হার্ভার্ড ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, লন্ডন স্কুল ইকোনমিক্স, কর্নেল ইউনিভার্সিটি ও প্রিন্সটন ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয়গুলো।
১৪ নভেম্বর ২০২১ আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে ব্র্যাক ইউনিভার্সিটিকে শিরোপা এনে দেন বিশ্ববিদ্যালয়টির মাস্টার্স অব সায়েন্স ইন এপ্লাইড ইকোনমিক্স বিভাগের শিক্ষার্থী সাজিদ আসবাত খন্দকার ও সৌরদীপ পাল। শিরোপা নির্ধারণের বিতর্কে ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিপক্ষ ছিল যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডন, কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি এবং ফিলিপাইনের এটেনিও ডি ম্যানিলা ইউনিভার্সিটি। এই প্রতিযোগিতায় ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ (ইএসএল) বিভাগে সেরা এবং সার্বিকভাবে চতুর্থ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন সাজিদ এবং ইএসএল বিভাগে দ্বিতীয় সেরা এবং সার্বিকভাবে অষ্টম সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন সৌরদীপ।
ফাইনালে ব্র্যাক ইউনিভার্সিটি দল বিতর্কের জন্য প্রস্তাবিত বিষয় 'ট্রান্সহিউম্যানিজম' এর বিপক্ষে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। ট্রান্সহিউম্যানিজম হলো নতুন প্রযুক্তি সৃষ্টির মাধ্যমে ক্ষমতার প্রাকৃতিক সীমা অতিক্রম করার জন্য মানব শরীরের পরিবর্তন করাকে সমর্থন জানানোর একটি মতবাদ। ব্রিটিশ পার্লামেন্টারি পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় যেখানে ৪টি দল দুই ভাগে সরকারি ও বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্বের মাধ্যমে বিতর্ক প্রক্রিয়ায় অংশ নেয়। ৫টি বাছাইপর্ব এবং কোয়ার্টার, সেমি ও ফাইনালসহ ৩টি নকআউট রাউন্ডের মধ্য দিয়ে যেতে হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি দলকে। এসব পর্বে তাদের ল্যাটিন আমেরিকার ভূ-রাজনীতি, ইউরোপিয়ান ইউনিয়ন, হেলথ কেয়ার পলিসি, ইলেক্ট্রোরাল পলিটিকস এর মতো বিষয়ে বিতর্ক করতে হয়েছে।
২০১৭ সাল থেকে একসঙ্গে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে নানা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন সাজিদ ও সৌরদীপ। কেমব্রিজ আইভি টুর্নামেন্ট জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাজিদ আসবাত খন্দকার বলেন, 'বলার অপেক্ষা রাখে না যে, আমার খুবই অন্যরকম একটা অনুভূতি হচ্ছে কারণ এর আগে কখনো এমনটি ঘটেনি। তবে আমি বিশ্বাস করি যে, এটা কেবল ভবিষ্যতের অনেক যুগান্তকারী অর্জনের সূচনামাত্র।'
প্রতিযোগিতার অপর বিতার্কিক সৌরদীপ পাল বলেন, 'বিতর্কের অনেক দক্ষতা ও জ্ঞান আমাকে চিন্তাশীল হতে সহায়তা করেছে। সাজিদ ও আমি আরো অনেক বৈশ্বিক টুর্নামেন্টে অংশগ্রহণ করে ব্র্যাক ইউনিভার্সিটিকে বিশ্ব মঞ্চে তুলে ধরতে চাই।'