গ্রেপ্তার শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী নাজমুস সাকিব করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে অর্থ সহায়তার অভিযোগে গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এ এফ এম নাজমুস সাকিবের (৩৩) করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
করোনা আক্রান্ত হওয়ায় তাকে সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাকিব ছাড়াও বিশ্ববিদ্যালয়ের আরও ৪ সাবেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন-হাবিবুর রহমান খান (২৬), রেজা নুর মুঈন (৩১), এ কে এম মারুফ হোসেন (২৭) ও ফয়সাল আহমেদ (২৭)।
আজ বুধবার তাদের সিলেট চিফ মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়েছে। আদালতে শুনানি চলছে।
করোনা আক্রান্ত নাজমুস সাকিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে আদালতে একটি আবেদন দিয়েছে পুলিশ। আবেদনে বলা হয়, জালালাবাদ থানায় করা মামলায় নাজমুস সাকিবকে গত ২৫ জানুয়ারি ঢাকা থেকে গ্রেপ্তার করে সিলেটে আনা হয়।
আনার পর তার করোনা শনাক্ত হওয়ায়, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।