চবিতে সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক পরিবেশনা
গান, কবিতা আর নৃত্যের মাধ্যমে দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে 'অসাম্প্রদায়িক শিক্ষার্থীদের' ব্যানারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী এই অনুষ্ঠাণে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিরিন আক্তার বলেন, 'হিন্দু-মুসলমান এখানে আমরা সবাই একই মায়ের সন্তান। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে কোনো অশুভ শক্তি আমাদের সম্প্রীতি নষ্ট করতে না পারে।'
উপ-উপাচার্য অধ্যাপক বেণী কুমার দে বলেন, 'ধর্মনিরপেক্ষতা আমাদের সংবিধানের একটি মৌলিক অংশ, হিন্দু সম্প্রদায়ের মানুষের দুর্গাপূজা উদযাপন তারই একটি অংশ। সম্প্রতিকালে ধর্মের নামে একটি সাম্প্রদায়িক মহলের কর্মকাণ্ড বর্বরতাকে ছাড়িয়ে গেছে।'