ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত ঢাবি শিক্ষার্থী

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়েছেন। আজ বুধবার বিকেল সোয়া ৪টার দিকে সিটি কলেজের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী মাহবুবুর রহমানকে (২৪) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের এবং একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আহত মাহবুবের সহপাঠী ওমর ফারুক ডেইলি স্টারকে বলেন, 'ক্লাস শেষে সাভারের উদ্দেশে বাসে করে যাচ্ছিল মাহবুব। বাসটি সায়েন্সল্যাব পার হয়ে আড়ং শো-রুমের সামনে গেলে ২ ছিনতাইকারী জানালা দিয়ে এক ছাত্রীর মোবাইল ফোন নিয়ে দৌড় দেয়।'

'এ সময় ছিনতাইকারীকে ধরতে মাহবুবুর বাস থেকে নেমে যায়। আমিও বাস থেকে নেমে পড়ি। পরে আমরা এক ছিনতাইকারীকে ধরে ফেলি। ওই ছিনতাইকারী মাহবুবের মাথায় ছুরি দিয়ে আঘাত করে,' বলেন ওমর ফারুক।

তিনি আরও জানান, মাহবুবকে পাশেই পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাহবুবের বাসা সাভারের হেমায়েতপুরে বলে জানান তিনি।

পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মাহবুবের বাম কানের উপরে ছুরিকাঘাতের চিহ্ন আছে। তবে আঘাত গুরুতর নয়।

জানতে চাইলে ধানমন্ডি জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাসুম ডেইলি স্টারকে বলেন, 'ঢাবির বাস থেকে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এক ছিনতাইকারীকে গণধোলাই দেওয়া হয়েছে। তাকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।'