জাবিতে চতুর্থ নেটওয়ার্কিং কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ এবং জার্মানির ডয়চেভেলে একাডেমির যৌথ উদ্যোগে দু'দিনব্যাপী চতুর্থ নেটওয়ার্কিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

নেটওয়ার্কিং কনফারেন্সের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল 'নিউজ মিডিয়া ইন বাংলাদেশ আন্ডার কোভিড-১৯ রুল অব স্টেট এন্ড মিডিয়া এডুকেটরস'।

এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

কনফারেন্সের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জাবি সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম।

এবারের কনফারেন্সে করোনাকালে সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সমাধান, ডিজিটাল জার্নালিজমের ব্যবহার, সাংবাদিকদের নিরাপত্তা, চাকরি নিশ্চয়তা ও সম্পাদক-গণমাধ্যম শিক্ষাবিদের ভূমিকা এবং গণমাধ্যম গবেষণা বিষয়ে চারটি সেশন হয়।

এসব বিষয়ে দেশের জনপ্রিয় সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের স্বনামধন্য সাংবাদিক ও গণমাধ্যম বিশেষজ্ঞরা কথা বলেন।

আজ শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এবারের আয়োজন শেষ হয়।

এর আগে, গতকাল সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে এই আয়োজনের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক, দৈনিক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক গোলাম রহমান, ডয়চেভেলে একাডেমির এশিয়া ও ইউরোপের বিভাগীয় প্রধান মাইকেল কারহাউসেন এবং জাবি সাংবাদিকতা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদ।