জাবিতে সাবেক উপাচার্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের মিছিলে শিক্ষকদের বাধা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ফারজানা ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও হামলা মামলার বিচারের দাবিতে মিছিল করেছে শিক্ষার্থীরা। মিছিলটি উপাচার্য বাসভবনের দিকে গেলে, সেখানে অবস্থানরত শিক্ষকরা এতে বাধা দেয়।
এ সময় বাকবিতণ্ডায় জড়ান প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ বুধবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি বের হয়। মিছিল নিয়ে শিক্ষার্থীরা যেন উপাচার্য বাসভবনের কাছে না যেতে পারে, এজন্য প্রায় অর্ধশতাধিক শিক্ষক সেখানে অবস্থান নেন বলে দাবি করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষকদের দাবি, তারা সেখানে সাবেক উপাচার্য ফারজানা ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন। এ সময় শিক্ষার্থীদের মিছিল সেখানে আসে।
তবে শিক্ষক-শিক্ষার্থীরা মুখোমুখি হলে, সেখানে প্রায় আধা ঘণ্টা তাদের মধ্যে বাকবিতণ্ডা চলে।
এ সময় জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিবুল রনি বলেন, 'সাবেক ভিসি ফারজানার অবহেলা, দুর্নীতির কারণে বিশ্ববিদ্যালয়ে ২ জন নির্মাণ শ্রমিক মারা গেছেন।'
'তার বিরুদ্ধে ছাত্রলীগকে ২ কোটি টাকা দেওয়ার অভিযোগ, দুর্নীতির অভিযোগের তদন্ত এখনো হয়নি। তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়াসহ আরও অনেক নিপীড়ন করেছেন,' বলেন তিনি।
পরে শিক্ষকদের প্রহরায় মিছিলটি উপাচার্য বাসভবন এলাকা থেকে চলে যায়।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে জানতে চাইলে জাবির ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'শিক্ষার্থীদের বেশ ক্ষোভ আছে সাবেক ভিসির বিরুদ্ধে। শিক্ষার্থীদের দাবি তাদের ওপর অনেক অন্যায়, নিপীড়ন করেছেন সাবেক ভিসি।'
'তবে একজন শিক্ষক হিসেবে অধ্যাপক ফারজানা ইসলাম নিরাপত্তা পেতে পারেন। তাকে এই নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সেখানে গিয়েছি,' বলেন তিনি।
এদিকে উপাচার্য হিসেবে ফারজানা ইসলামের মেয়াদ শেষ হওয়ার পর ভারপ্রাপ্ত উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে গতকাল। কিন্তু সাবেক উপাচার্য ঠিক কবে নাগাদ বাসভবন ছাড়বেন তা জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজকে মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেননি।