জাবিতে হল ও ক্যাম্পাস খোলার দাবিতে কর্মসূচি ঘোষণা
আবাসিক হল ও ক্যাম্পাস খোলার দাবিতে মশাল মিছিল করার ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়েছে।
আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে হল খোলার তারিখ ঘোষণা করে ১ অক্টোবরের মধ্যে হল খুলে না দিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দর্শন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, 'করোনা শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে নেমে এসেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হচ্ছে, হল খোলার জোরালো প্রস্তুতি নেওয়া হয়েছে। তারপরেও বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে প্রশাসন থেকে কোনো সিদ্ধান্ত দেখা যাচ্ছে না। আমরা চাই, ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল খুলে দেওয়া হোক।'
তিনি আরও বলেন, 'উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেছেন ১৫ অক্টোবরের পর যে কোনো দিন বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হতে পারে। আমরা তার এই বক্তব্য প্রত্যাখ্যান করছি। বিশ্ববিদ্যালয় সচল করবার প্রস্তুতি যদি এতই জোরালো হয়ে থাকে, তাহলে হল খুলতে কেন আরও এক মাসেরও বেশি সময় লাগবে?'
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিবুল রনি, ছাত্র ফ্রন্টের আহ্বায়ক শোভন রহমান ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ।
এর আগে ২২ সেপ্টেম্বরের মধ্যে হল খোলার তারিখ ঘোষণা ও ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আজ বুধবার একাডেমিক কাউন্সিলের বৈঠক ও ২৫ সেপ্টেম্বর সিন্ডিকেট সভা ডাকা হলেও পরে তা বাতিল করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বাতিল হওয়া একাডেমিক কাউন্সিলের সভা ২৯ সেপ্টেম্বর ও সিন্ডিকেট সভা ২ অক্টোবর অনুষ্ঠিত হবে।