জাবিতে ৩ দফা দাবিতে ডাইনিং হল কর্মচারীদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, জাবি

চাকরি স্থায়িত্বকরণসহ ৩ দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর স্বারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডাইনিং হল কর্মচারী সমিতি।

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব বরাবর তারা স্বারকলিপি দিয়েছেন। তাদের দাবিগুলো হলো- চাকরি স্থায়ী করা, চাকরির বয়সসীমা ৬৫ করা এবং ডাইনিং কর্মচারীদের বিমার আওতায় আনা।

এর আগে বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন তারা।

অবস্থান কর্মসূচিতে ডাইনিং কর্মচারী আসাদ মিয়া বলেন, 'আমি যখন কাজ শুরু করি তথন আমার বেতন ছিল ৫০ টাকা। আমি ৩৭ বছর কাজ করে বেতন হয়েছে ৮ হাজার টাকা। এই টাকা দিয়ে পরিবার এখন আর চলে না। আমাদের চাকরিও স্থায়ী না। দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি প্রশাসনকে কিন্তু কেউ কিছু করছে না।'

ডাইনিং কর্মচারী রোজিনা ইসলাম বলেন, 'এক জন সাধারণ কর্মচারী যে টাকা বেতন পায় আমরা তার ৪ ভাগের ১ ভাগও পাই না। আমাদের সন্তান যদি ভালো খাবার খেতে চায় আমরা খাওয়াতে পারি না। আমরা শিক্ষা ভাতা পাই ৫০০ টাকা অন্যদিকে কর্মচারীরা পায় ১০০০ টাকা।এই টাকা দিয়ে সন্তানদের কীভাবে পড়াবো। আমরা সবক্ষেত্রে বৈষম্যের শিকার।'

কর্মচারী সমিতির সভাপতি মনির বলেন, 'যখনই কোনো প্রভোস্টের কাছে দাবি দাওয়া নিয়ে যাই তারা বলেন আমরা নতুন এসেছি পরে এইসব নিয়ে আলোচনা করবো। তারপর বছর পার হলেও তাদের খবর নেই। আমরা যখন আন্দোলনে নামি তখন তারা আমাদের আশ্বাস দেন। কিন্তু পরেই তারা সব ভুলে যান। আমাদেরকে দেখার কি কোন মানুষ নেই।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটর সভাপতি মোহা. মুজিবুর রহমান বলেন, 'তাদের কিছুদিন আগে বেতন বন্ধ রাখা হয়েছিল। সেটা আবার চালু করা হয়েছে। তাদের আন্দোলন করার যৌক্তিকতা হয়তো আছে, তবে এর বেশি তাদেরকে নিয়ে আমি কিছু বলতে পারবো না। এটা তাদের সঙ্গে আলোচনা করে সমন্বয় করা হবে।'