টিউশন করে শিক্ষার্থীদের সময় নষ্ট, ‘অন ক্যাম্পাস জব’ চালুর উদ্যোগ বুয়েটের

স্টার অনলাইন রিপোর্ট

শিক্ষার্থীদের যাতে টিউশন করে সময় নষ্ট না করতে হয় সেজন্য 'অন ক্যাম্পাস জব' চালুর কথা জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার।

এছাড়াও শিক্ষার্থীরা যেন আন্তর্জাতিক পরিমন্ডলে আরও বেশি অবদান রাখতে পারে সেজন্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিস, আলাদা তহবিল গঠন ও  আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের জন্য রিসার্চ অ্যান্ড ইনোভেশন ল্যাব গঠনের কথা জানিয়েছেন তিনি।

বুয়েটের ছাত্র কল্যাণ পরিষদের (ডিএসডব্লিউ) পরিচালক অধ্যাপক মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর বেশিরভাগ শিক্ষার্থীই পড়াশোনার পাশাপাশি টিউশন করে অর্থ উপার্জন করে। এতে তাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়। তাই শিক্ষার্থীদের সময় বাঁচাতে এই পরিকল্পনা হয়েছে।'

বিষয়টি নিয়ে কাজ করার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটি কমিটি গঠন করেছেন বলেও জানান তিনি।

তিনি আরও জানান, সরকারের যেসব প্রকল্পের সঙ্গে বুয়েটের শিক্ষকরা যুক্ত থাকেন সেসব প্রকল্পে শিক্ষার্থীদের দক্ষতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করার কথা বিবেচনা করা হচ্ছে৷ এছাড়াও বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে চাকরির সুযোগ তৈরি করা হবে৷

অধ্যাপক মিজানুর রহমান বলেন, 'দেশের সুনামধন্য বিভিন্ন শিল্প কারখানার সঙ্গে কথা বলে সেখানে শিক্ষার্থীদের ইন্টার্ন করার সুযোগ তৈরি করা হবে৷ কাজে ভালো করলে পরবর্তিতে শিক্ষার্থীদের স্থায়ী পদে নিয়োগে সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয়৷ ডেটা এনালাইসিসসহ অনেকগুলো কাজে শিক্ষার্থীদের যুক্ত করার ব্যাপারে ভাবা হচ্ছে।'

বুয়েটকে, সর্বোপরি বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে এই উদ্যোগ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করছে কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের শিক্ষার্থী আনিসুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গবেষণা করার জন্য আমাদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। কর্তৃপক্ষ গবেষণায় কার্যকর সহায়তা দিলে আমরা গবেষণা করতে আরও আগ্রহী হবো।'