ট্রাকচাপায় নিহত রাবি শিক্ষার্থী হিমেলের জানাজা সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণসামগ্রী বহনকারী একটি ট্রাকের চাপায় নিহত শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের জানাজা সম্পন্ন হয়েছে।

আজ বুধবার সকাল পৌণে ১১টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। দফনের জন্য তার মরদেহ নাটোরে নেওয়া হবে।

গতকাল রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন রাস্তায় ঘটা দুর্ঘটনায় নিহত হন হিমেল। এ সময় অপর এক শিক্ষার্থী আহত হয়েছেন।

নিহত মাহমুদ হাবিব হিমেল রাবির গ্রাফিক্স ডিজাইন ক্র্যাফটস অ্যান্ড হিস্টোরি অব আর্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শামসুজ্জোহা হলের আবাসিক শিক্ষার্থী এবং রাবি ড্রামা অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক ছিলেন।

হিমেলের পিতার নাম আহসান হাবিব হেলাল। তিনি বগুড়া জেলার শেরপুর উপজেলার উলিপুর গ্রামের বাসিন্দা।

রাবির জনসংযোগ কর্মকর্তা প্রদীপ কুমার পান্ডে দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে। দোষীদের বিচারের আওতায় আনা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন রাস্তা দিয়ে ওই দুই শিক্ষার্থী মোটরসাইকেলে যাচ্ছিলেন। সে সময় ট্রাকের ধাক্কায় একজন নিহত ও অপরজন আহত হন।

ট্রাকটি একটি একাডেমিক ভবন নির্মাণের মালামাল পরিবহনের কাজে নিয়োজিত ছিল বলে জানা গেছে।