ডুজা’র বর্ষসেরা প্রতিবেদক পুরস্কার পেলেন ঢাবির ৬ সংবাদকর্মী
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ২০২১ সালের বর্ষসেরা প্রতিবেদক পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ পুরস্কার পেয়েছেন ৬ গণমাধ্যমের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক। ডুজার শহীদ চিশতী শাহ হেলালুর রহমান ট্রাস্ট ফান্ড ও মনোয়ার আহমেদ ট্রাস্ট ফান্ডের অধীনে এই পুরস্কার দেওয়া হয়৷
শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ডুজার 'ওয়েবসাইট উদ্বোধন, বর্ষসেরা প্রতিবেদক পুরস্কার প্রদান, দায়িত্ব হস্তান্তর এবং শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়: সাংবাদিকতায় অর্জন ও প্রত্যাশা' শীর্ষক বার্ষিক সেমিনার অনুষ্ঠানে ৬ প্রতিবেদকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানসহ আমন্ত্রিত অতিথিরা।
৩টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়। এগুলো হলো- বাংলা প্রিন্ট, ইংরেজি প্রিন্ট ও অনলাইন। বাংলা প্রিন্ট ক্যাটাগরিতে পুরস্কার পান আসিফ হাওলাদার ও শরিয়ত উল্যাহ৷ ইংরেজি প্রিন্ট ক্যাটাগরিতে পুরস্কার পান ওবায়দুর রহমান ও মোহাম্মদ রায়হান৷ অনলাইন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন সিরাজুল ইসলাম রুবেল ও আল সাদী ভূঁইয়া।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্থাপনা, প্রাঙ্গণ এবং এর সদস্যদের মধ্যে একটি বিশেষ ধরনের মূল্যবোধ রয়েছে৷ সেটি হলো ভাষা আন্দোলন ও মহান স্বাধীনতাযুদ্ধের অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ৷ ফলে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি মোট ৬০টি সংগঠনও এই মূল্যবোধকে লালন করে তাদের কার্যক্রম অব্যাহত রাখছে৷ গণতান্ত্রিক মূল্যবোধ অনুসরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এগিয়ে যাচ্ছে৷ সমিতির সদস্যরা এই মূল্যবোধ চর্চার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সমুন্নত রাখছে৷ এ জন্য তাদের ধন্যবাদ জানাই৷'
এ সময় মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধে শহীদ ছাত্র-শিক্ষকদের অবদানসহ বিভিন্ন উদ্ভাবন ও আবিষ্কারের অর্জন সংরক্ষণ ও প্রদর্শনের জন্য 'দ্য ঢাকা ইউনিভার্সিটি মিউজিয়াম' নামে জাদুঘর তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানান উপাচার্য৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল।
গত ২৯ মার্চ ডুজার ২০২২ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে দৈনিক আলোকিত বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মামুন তুষার সভাপতি ও দ্য ডেইলি স্টারের সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন৷ অনুষ্ঠানে ডুজার প্রধান উপদেষ্টা মো. আখতারুজ্জামানের উপস্থিতিতে নতুন নেতৃত্বের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন সংগঠনের বিদায়ী সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবির৷ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত৷