ড. আসিফ নজরুলের কক্ষ খুলে দেওয়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসিফ নজরুলের কক্ষের তালা খুলে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তার কক্ষের তালা খুলে দেয়।
ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসিফ নজরুলের কক্ষে গতকাল তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
প্রক্টর বলেন, 'ড. আসিফ নজরুলের পক্ষ থেকে একটি লিখিত আবেদন পাওয়ার পর সন্ধ্যা ৬টার দিকে প্রক্টরিয়াল টিম তার কক্ষের তালা খুলে দিয়েছে।'
'ড. নজরুলের কক্ষের বাইরের দেয়ালে সাঁটানো পোস্টারও ফেলে দেওয়া হয়েছে,' যোগ করেন তিনি।
এ বিষয়ে অধ্যাপক ড. আসিফ নজরুল আজ দুপুরে দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, 'আমি বিভাগের চেয়ারম্যান। এখন অনলাইনে শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা চলছে। চেয়ারম্যানের বিভাগে উপস্থিত হওয়া খুবই জরুরি।'
'কক্ষে তালা দিয়ে আমাকে বিভাগে না যেতে হুমকি দেওয়া হচ্ছে,' বলেছিলেন তিনি।
এ ঘটনায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুরো বিষয়টি কী, সেটি সম্পর্কে তথ্য নিয়ে আমাকে অবহিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে বলে দিয়েছি। আমাদের অ্যাকাডেমিক কাজ যেন বাধাগ্রস্ত না হয়, সেটি আমাদের দেখার বিষয়।'