ঢাবিতে ছাত্রলীগের হল সম্মেলন, মানা হয়নি স্বাস্থ্যবিধি

নিজস্ব সংবাদদাতা, ঢাবি

দেশে ওমিক্রন সংক্রমণের মধ্যেই বিধিনিষেধ উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাঠে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার হল সম্মেলন।

গত ২১ জানুয়ারি সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে সশরীরে ক্লাস-পরীক্ষা স্থগিত করে সবাইকে ক্যাম্পাসে জমায়েত না করার এবং কোনো ধরনের সমাবেশ না করার অনুরোধ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে স্বাস্থ্যবিধি না মেনেই আজ রোববার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত চলেছে ছাত্রলীগের হল সম্মেলন। প্রায় ৫ বছর পর আয়োজিত এ সম্মেলনে প্রথম বর্ষের শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল থেকে প্রায় পাঁচশর বেশি মানুষ অংশ নিয়েছেন। সম্মেলনে মানা হয়নি সামাজিক দূরত্ব, নেতাকর্মীদের মুখে কিছু সময়ের জন্য মাস্ক দেখা গেলেও বেশিরভাগ সময়ই তারা মাস্ক খুলে রাখেন।

ঢাবি কোভিড টেস্টিং ল্যাব সূত্রে জানা গেছে, ২৫ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১২৯ জন শিক্ষার্থী ও ৪৫ জন শিক্ষক কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক গণরুমে থাকা কয়েকজন আবাসিক শিক্ষার্থী দ্য ডেইলি স্টারকে জানান, ছাত্রলীগ নেতারা তাদেরকে আজকের অনুষ্ঠানে বাধ্যতামূলকভাবে থাকার নির্দেশ দিয়েছেন। যারা করোনায় আক্রান্ত হননি তাদের ছাড়া সবাইকে বাধ্যতামূলকভাবে প্রোগ্রামে অংশ নিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

টিএসসি জনসমাগমের বিষয়ে জানতে চাইলে ঢাবি প্রক্টর একেএম গোলাম রব্বানী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা সবাইকে তাদের স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেছি।

টিএসসির পরিচালক আলী আকবর দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্বাস্থ্যবিধি মানা হবে এমন শর্তেই ছাত্রলীগ অনুমতি নিয়েছে। তারা না মানলে আমাদের কিছু করার নেই।'

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'হল সম্মেলনে আমাদের ১২ হাজার থেকে ১৩র হাজার নেতাকর্মী অংশ নেন৷ কিন্তু কোভিড পরিস্থিতি বিবেচনায় এবার সে সংখ্যা ছিল মাত্র পাঁচশ থেকে ছয়শ৷ বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীর করোনার টিকা নেওয়া আছে বলে আমরা জানতে পেরেছি৷ মোটামুটি স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করা হয়েছে৷'

আজকে অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।

এই সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগ ঢাবির ১৮টি হলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করবে।