ঢাবিতে ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত রাবি ক্যাম্পাস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ সেশনের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস।
আজ শুক্রবার সকাল ১১টা থেকে 'ক' ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
করোনা মহামারির কারণে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেশের বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হচ্ছে।
রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের জন্যে নির্ধারিত একমাত্র কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেখানে বিভাগের ১৪ হাজার ভর্তিচ্ছু অংশ নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ১২টি একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম টিপু, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী জাকারিয়া, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমানসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।
কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাংবাদিকদের বলেন, 'রাবিতে পরীক্ষা নিয়ে বিগত সময়ে কোনো অভিযোগ ওঠেনি, এবারও উঠবে না। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছি। সব মিলিয়ে পরীক্ষা ও পরীক্ষা পরবর্তী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যা করা দরকার আমরা তা করেছি।'