ঢাবির ঘ ইউনিটের পরীক্ষা নেওয়ার সুপারিশ ডিনস কমিটির
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা এ বছরের জন্য (২০২১-২০২২) নেওয়ার সুপারিশ করেছে ডিনস কমিটি।
আজ বুধবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঘ ইউনিটের জন্য ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছেন। যেহেতু তারা পরীক্ষা বাতিলের বিষয়টি সম্পর্কে ভালোভাবে অবহিত না, তাই সভায় এ বছরের ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। সভা শেষে উপাচার্য শুধু এ বছর ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য একমত হন।'
এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের উপর চাপ কমাতে ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়। কিন্তু এ সিদ্ধান্তের সঙ্গে সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকরা দ্বিমত প্রকাশ করেন।
গত ৭ ফেব্রুয়ারি সাধারণ ভর্তি কমিটির সভায় ঘ ইউনিট বাতিলের বিষয়টি আলোচিত হওয়ার পর সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকরা প্রতিবাদ শুরু করেন। এরপর আজ জরুরি সভায় ডেকে শুধু এ বছরের জন্য ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।