ঢাবির জগন্নাথ হলের ৫ তলা থেকে পড়ে শিক্ষার্থী আহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের একটি আবাসিক ভবনের ৫ তলা থেকে পড়ে অনিমেষ সরকার নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
আজ মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথ হলের প্রভোস্ট মিহির লাল সাহা দ্য ডেইলি স্টারকে বলেন, 'অনিমেষ কীভাবে ৫ তলা থেকে পড়ে গেলেন এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। শিক্ষার্থীরা ধারণা করছে, এটি একটি দুর্ঘটনা। তার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানতে পেরেছি।'
এদিকে, জগন্নাথ হলের কয়েকজন শিক্ষার্থী জানান, অনিমেষ বেলকনিতে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ করে তিনি সেখান থেকে পড়ে যান। ভবনটির পাশেই কলাগাছ ছিল তিনি সেটির ওপর পড়েন। ঘটনাস্থল থেকে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।