ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় শাহবাগে বাস ভাঙচুর

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বাসের ভেতর মারধরের ঘটনার জের ধরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি) এর তিনটি বাস ভাঙচুর করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় ভাঙচুর করা বাসগুলো শাহবাগে পাবলিক লাইব্রেরির সামনে এনে রাখা হয়েছে।

মারধরের শিকার আজমান সামীর ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, তিনি আজ বিকেল ৩টার দিকে শনির আখড়া থেকে মৎস্য ভবন মোড়ে যাওয়ার উদ্দেশ্যে নগর পরিবহনের ডাবল ডেকার বাসে উঠেছিলেন। তাড়াহুড়ার কারণে টিকিট না নিয়েই তিনি বাসে উঠেন। পরের স্টপেজে টিকেট সংগ্রহ করতে গেলে বাসের চালক তার সঙ্গে দুর্ব্যবহার করেন। মৎস্য ভবন মোড়ের কাছে নামতে গেলে গেট আটকে বাসেরই একজন যাত্রী তার গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করেন। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে বাস থেকে নেমে যাওয়ার পর তার ওপর দিয়ে বাস চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

তবে বাস ভাঙচুরে জড়িত থাকার কথা অস্বীকার করে আজমান সামীর বলেন, তিনি শাহবাগ থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার দ্য ডেইলি স্টারকে বলেন, ভাঙচুরের কথা শুনেছি। থানায় গিয়ে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেবো।

ঢাবির প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী দ্য ডেইলি স্টারকে বলেন, ঘটনার কথা আমি শুনেছি। আমাদের শিক্ষার্থীকে আঘাত করা হয়েছে। এই ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চাওয়া হবে।