ঢাবি শিক্ষার্থী ইলমা ‘হত্যাকারীদের’ সর্বোচ্চ শাস্তির দাবি

নিজস্ব সংবাদদাতা, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ধামরাই উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ধামরাই স্টুডেন্ট'স ফোরামের সদস্যরা এ মানববন্ধনের আয়োজন করে। ইলমার বাড়িও ধামরাই উপজেলায়।

সংগঠনের সভাপতি অসীম কুমার বিশ্বাস মানববন্ধনে সভাপতিত্ব করেন। তিনি ইলমা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বলেন, 'ভবিষ্যতে যেন ইলমার মতো আর কোনো শিক্ষার্থীর নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করতে না হয়।' 

মানববন্ধনে অংশ নেন ইলমার বাবা সাইফুল ইসলাম। তিনি তার মেয়েকে হত্যার জন্য ইলমার স্বামী ও শ্বশুর-শাশুড়িকে অভিযুক্ত করেন এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

মানববন্ধনে বক্তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে দেশে নারীর অধিকার প্রতিষ্ঠা ও সহিংসতা রোধের জন্য ইলমা হত্যার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধনে ঢাকা ইউনিভার্সিটি ধামরাই স্টুডেন্টস ফোরামের প্রধান উপদেষ্টা খান অ্যাসোসিয়েটসের সিইও এ আর খান রানা, উপদেষ্টা মাহবুবুর রহমান, এম এ ইসলাম আরিফ উপস্থিত ছিলেন।

এলমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের ২০১৫-১৬ সেশনের ছাত্রী ছিলেন। তার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বামী ইফতেখারকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ।