তালা ভেঙে হলে ঢুকে পড়লেন ঢাবি শিক্ষার্থীরা

নিজস্ব সংবাদদাতা, ঢাবি

পূর্ব ঘোষণা অনুযায়ী তালা ভেঙে হলে ঢুকে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের শিক্ষার্থীরা। আজ শুক্রবার দুপুরে তারা হলের ভেতরে প্রবেশ করেন। এর আগে শিক্ষার্থীরা হলের প্রধান ফটকে জড়ো হতে থাকেন।

এদিন বিকেল সোয়া ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা হলে অবস্থান করছিলেন। হল প্রশাসন তাদের বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করছে।

দীর্ঘ ১৮ মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। আগামী ৫ অক্টোবর হলগুলো খোলার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি প্রশাসন। তবে শুধুমাত্র অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থী যারা করোনার অন্তত ১ ডোজ টিকা নিয়েছেন— তারাই টিকা কার্ড দেখিয়ে হলে প্রবেশ করতে পারবেন।

শিক্ষার্থীদের দাবি ছিল, ১ অক্টোবর থেকে যেন হল খুলে দেওয়া হয়। এ বিষয়ে প্রশাসন বলেছেন, ২ থেকে ৫ অক্টোবর পর্যন্ত ঢাকা ও বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা চলবে, যে কারণে ৫ অক্টোবর হল খোলার তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, অনেক শিক্ষার্থী মেসে আছেন। ৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের হলে উঠলে ৪ দিনের জন্য মেস মালিককে পুরো মাসের ভাড়া দিতে হবে। তাই আমরা আজ থেকেই হলে উঠতে চাই।

অমর একুশে হলের প্রাধ্যক্ষ ড. ইশতিয়াক এম. সৈয়দ দ্য ডেইলি স্টারকে বলেন, শিক্ষার্থীরা জোর করে হলে প্রবেশ করেছে। তাদের আমরা বেরিয়ে যাওয়ার জন্য বোঝানোর চেষ্টা করছি।