নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত
করোনা মহামারিতে পুরো বিশ্ব যখন থমকে যায় তখনও থেমে ছিল না ফার্মাসিস্টদের অক্লান্ত পরিশ্রম। সেই অবদানকে সম্মান জানিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় একটি র্যালীর।
গত ২৫ সেপ্টেম্বর ছিল 'বিশ্ব ফার্মাসিস্ট দিবস'। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ফার্মাসিউটিক্যাল ক্লাব ও ফার্মাসিউটিক্যাল সাইন্সেস অনুষদ এই র্যালীর আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এই র্যালীর উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য ড. এম ইসমাইল হোসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক এবিএম রাশেদুল হোসেন, ফার্মাসিউটিক্যাল সাইন্সেস অনুষদের চেয়ারম্যান ড. জিএম সায়েদুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
র্যালী থেকে ক্লাবের পক্ষে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণের মাধ্যমে সচেতনতা কার্যক্রমও পরিচালনা করা হয়।
উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, 'বিদেশে ফার্মাসিস্টদের যে পরিমাণ সুযোগ-সুবিধা দেওয়া হয়, আমাদের দেশে তা দেওয়া হয় না। আশা করি ভবিষ্যতে এই পরিস্থিতির উন্নয়ন হবে।'
অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মেসীর সভাপতি সোহেল বিন আজাদ অপু বলেন, 'ফার্মাসিস্টদের সম্মিলিতভাবে নিজেদের পেশাগত মান উন্নয়নের বিষয়ে সচেতন থাকতে হবে।'