বরিশাল বিএম কলেজ

পরীক্ষার ফি কমানোর আন্দোলনে ছাত্রলীগের হামলার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

বরিশাল বিএম কলেজে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ফি কমানোর আন্দোলনে হামলার অভিযোগ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বরিশাল মহানগর শাখা।

আজ বুধবার এ ঘটনা ঘটেছে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি প্রতিভা রায় বলেন, 'আজ বিএম কলেজের দ্বিতীয় বর্ষের ফর্ম ফিলাপের ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের ২০ থেকে ২৫ জন কর্মী চড়াও হয়ে কিল-ঘুষি মারে। এত বেশ কয়েকজন আহত হয়।'

হামলার শিকার বিজন শিকদার জানান, 'এ সময় ছাত্রলীগের বেশ কয়েকজন দাঁড়িয়ে তাদের নির্দেশ দিতে দেখা যায়। এর আগেও বিক্ষোভ চলাকালে তারা হুমকি দেয়।'

সংগঠনের সম্পাদক সাগর দাস জানান, কয়েক শিক্ষক তাদের উদ্ধার করে রিকশায় করে পাঠিয়ে দেন।

এর আগে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট অনার্স দ্বিতীয় বর্ষের ফি কমানের দাবিতে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কলেজের অধ্যক্ষের কাছে ফি কমানোর দাবি জানায়।

অধ্যক্ষ সাড়ে পাঁচ হাজার টাকা ফি থেকে ৬০০ টাকা কমিয়ে দিয়েছেন বলে জানান শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।

অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া বলেন, 'শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মোট ৬০০ টাকা ফি কমানো হয়েছে। তবে হামলার বিষয়ে আমার জানা নেই।'

সরকারি বিএম কলেজে ছাত্রলীগ নেতা আতিকুল্লা মুনিম বলেন, 'হামলার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নয়।'