পাবিপ্রবির সাবেক ভিসি রুস্তম আলীর বিরুদ্ধে সাবেক প্রক্টর জয়ের মানহানি মামলা

নিজস্ব সংবাদদাতা, পাবনা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম রুস্তম আলীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক ও সাবেক প্রক্টর আওয়াল কবির জয়।

আজ বৃহস্পতিবার পাবনা আমলি আদালত-১ এ তিনি এ মামলা করেন।

বাদীর আইনজীবী সুলতানা রাজিয়া তুলতুলি দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে বলেন, 'আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম মামলাটি আমলে নিয়েছেন। তিনি আসামিকে আগামী ১ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।'

মামলার বিবরণী অনুযায়ী, ২০১৯ সালের ২৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৫৩তম সভায় প্রবেশের সময় মামলার বাদী আওয়াল কবির জয় ও বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক আব্দুল আলিমকে বাধা দেওয়া হয়। তাদের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত চলমান থাকায় তাদের সভায় ঢুকতে দেওয়া হয়নি বলে জানানো হয়েছিল। তবে এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ আওয়াল কবির জয়ের।

পরবর্তীতে তাকে চিঠি দিয়ে জানানো হয়, ৫৩তম সভায় তাকে শিক্ষকের দায়িত্ব পালন করা ছাড়া কোনো প্রশাসনিক দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

এতে ওই শিক্ষক সামাজিকভাবে এবং শিক্ষক সমাজে হেয় হয়েছেন বলে দাবি করে তার নিজের এবং মামলার প্রধান সাক্ষী আব্দুল আলিমের ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ঘটনার প্রায় ৩ বছর পর ভিসির মেয়াদ শেষ হওয়ার পরে করা এ মামলাটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও সন্মানহানিকর বলে জানিয়েছেন অধ্যাপক ড. রুস্তম আলী।

মামলার বিষয়ে জানতে চাইলে তিনি দ্য ডেইলি স্টারকে জানান, প্রশাসনিক দায়িত্ব পালনকালে তিনি সবকিছু নিয়মমাফিক করেছেন। অভিযোগকারী শিক্ষকের বিরুদ্ধে মন্ত্রণালয়ের তদন্ত চলমান থাকায় রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সভায় ঢুকতে দেওয়া হয়নি। উপাচার্য হিসেবে এবং রিজেন্ত বোর্ডের সভাপতি হিসেবে তিনি সে সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন।

তিনি বলেন, 'এখন আমি আর ভিসির দায়িত্বে নেই। এতদিন পর এ ধরনের মামলা করে আমাকে হেয় করা হচ্ছে।'