বরিশাল বিশ্ববিদ্যালয়ে হল খুলেছে আজ, ক্লাস শুরু ২১ অক্টোবর

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩টি আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। করোনা মহামারির কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর আজ সোমবার হলগুলো খুলে দেওয়া হয়। তবে, আগামী ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল আহমেদ রুমি দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সকালে বিশ্ববিদ্যালয়ের গেটে শিক্ষার্থীদের পরিচয় পত্র, টিকার কার্ড ও তাপমাত্রা পরীক্ষা করে হলে প্রবেশ করতে দেওয়া হয়। পরে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন ৩টি হল পরিদর্শন করেন। সে সময় তিনি শিক্ষার্থীদের যে কোনো সমস্যা হলে তাৎক্ষনিকভাবে কর্তৃপক্ষকে জানাতে বলেন।'

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান শরীফা উম্মে মিরিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগামী ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে। তার আগে আগে আজ হল খুলে দেওয়া হল।'

'যেসব শিক্ষার্থীরা ইতোমধ্যে এক ডোজ টিকা নিয়েছে, তাদের হলে ঢুকতে দেওয়া হয়েছে,' বলেন তিনি।

তিনি জানান, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ৮০ ভাগ শিক্ষার্থী টিকার জন্য নিবন্ধন করেছেন এবং ৬০ ভাগের মতো টিকা নিতে পেরেছেন।