বিইউএইচএস-এ ২ দিনব্যাপী পাবলিক হেলথ কনফারেন্স

স্টার অনলাইন ডেস্ক

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস-এ (বিইউএইচএস) শুরু হয়েছে নবম রিজিওনাল পাবলিক হেলথ কনফারেন্স। আজ শুক্রবার সকাল ১০টায় ২ দিনব্যাপী এই কনফারেন্স শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সাবেক সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ফরিদুল আলম, পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক শাহ মনির হোসেন ও স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব ডা. এ এম পারভেজ রহিম।

সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন।

আসাদুল ইসলাম বলেন, 'কোভিড-১৯ অতিমারিজনিত বর্তমান প্রেক্ষাপটে রিজিওনাল পাবলিক হেলথ কনফারেন্সের আয়োজন করা খুবই গুরুত্ব বহন করে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এই সম্মেলনে তাদের মূল্যবান জ্ঞান ও অভিজ্ঞতা  বিনিময় করবেন, যা দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।'

ডা. ফরিদুল আলম বলেন, দেশে সবার মধ্যে সচেতনতা তৈরি করার মাধ্যমে মানুষের ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপজনিত নানা রোগে আক্রান্তের হার ৮০ শতাংশ কমে আসতে পারে। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় জনস্বাস্থ্যবিদদের অবদান অত্যন্ত প্রশংসনীয়।

কনফারেন্সে মোট ৬টি সায়েন্টিফিক পেপার সেশন, ৫টি সিম্পোজিয়াম ও ৮টি প্লেনারি সেশন অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের ৪ শতাধিক জনস্বাস্থ্যবিদ, চিকিৎসক ও গবেষক অংশগ্রহণ করছেন।