বিশ্ববিদ্যালয়ের সেরা ১০০ গবেষককে স্বীকৃতি দিতে যাচ্ছে রাবি
মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সেরা ১০০ জন গবেষককে স্বীকৃতি দিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মুজিব শতবর্ষে শিক্ষা ও গবেষণার মান বাড়াতে এবং গবেষণায় শিক্ষকদের উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক সহযোগী অধ্যাপক ড. আজিজুর রহমান।
তিনি জানান, এই প্রক্রিয়ার মাধ্যমে গবেষকদের খুঁজে বের করার পাশাপাশি তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
জানা যায় গত সেপ্টেম্বরে, এ সংক্রান্ত একটি কমিটি গঠন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলামকে আহ্বায়ক ও জনসংযোগ দপ্তরের প্রশাসক সহযোগী অধ্যাপক ড. আজিজুর রহমানকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অধিকর্তা, ইনস্টিটিউটের পরিচালকদেরকে কমিটির সদস্য করা হয়েছে।
গত ২ নভেম্বর অনুষ্ঠিত এক সভায়, সেরা ১০০ জন গবেষকের তালিকা করতে ৯টি সূচক নির্ধারণ করা হয়। এই ৯টি সূচককে গুরুত্ব দিয়ে সেরা গবেষকদের তালিকা করে কমিটি।
সূচকগুলোর মধ্যে রয়েছে- গবেষণা তত্ত্বাবধানের সংখ্যা, আন্তর্জাতিক জার্নালে প্রকাশনার সংখ্যা, কনফারেন্স প্রসিডিংস সংখ্যা, একাডেমিক পুস্তক প্রকাশনা, বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ব্যতীত অন্যান্য ফান্ড থেকে মঞ্জুরীকৃত অনুদান, প্রকাশিত জার্নালকে উদ্ধৃতি হিসেবে ব্যবহারের সংখ্যা, পেটেন্ট অর্জন, প্রাপ্ত পুরস্কারের সংখ্যা এবং গবেষণার সামগ্রিক প্রভাব বিবেচনায় নেয়া হবে।
সেরা ১০০ গবেষকদের মধ্যে ৭০ জন থাকবেন বিজ্ঞান সংশ্লিষ্ট বিভাগসমূহ থেকে ও বাকি ৩০ জন থাকবেন কলা, সামাজিক বিজ্ঞান ও বাণিজ্য সংশ্লিষ্ট বিভাগ থেকে।
দ্য ডেইলি স্টারের সাথে আলাপকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান বলেন, আমরা চেষ্টা করছি চলতি মাসের মধ্যেই সমস্ত প্রক্রিয়া শেষ করার। যাতে আগামী মাসেই শিক্ষকদের নিয়ে সেরা গবেষকদের সংবর্ধনার আয়োজন করতে পারি।