ভর্তি পরীক্ষায় জালিয়াতি: ঢাবির আরও ২ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আরও ২ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তারা হলেন-বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৭-২০১৮ সেশনের শিক্ষার্থী রাকিব হাসান ও ভূতত্ত্ব বিভাগের ২০১৭-২০১৮ সেশনের শিক্ষার্থী ইশরাক হোসেন রাফি।
আজ সোমবার ঢাবির শৃঙ্খলা পরিষদের এক সভায় বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।
ঢাবির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই দুই শিক্ষার্থীকে বহিষ্কারের বিষয়টি পরবর্তী সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে।
এছাড়া, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৭২ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে আজকের সভায়।
আজকের শৃঙ্খলা পরিষদের সভায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাবির বাংলা বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আকতারুল করিম রুবেলকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, ২০২০ সালের জানুয়ারিতে সিন্ডিকেট সভায় পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ৬৩ জন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
ওই বছরের ফেব্রুয়ারির সিন্ডিকেট সভায় বিভিন্ন সময়ে ডিজিটাল জালিয়াতি এবং অবৈধ পন্থা অবলম্বন করে ভর্তি হওয়ার প্রমাণ পাওয়ায় আরও ৭ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করে ঢাবি কর্তৃপক্ষ।