রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষককে বহিষ্কারের দাবিতে অনশনে শিক্ষার্থীরা
সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের বহিষ্কারের দাবিতে ক্যাম্পাসে অনশনে বসেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা অনশন শুরু করেন। সন্ধ্যা সাড়ে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অনশন চলছিল।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ফারহানা ইয়াসমিন বাতেন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান পদ, প্রক্টরিয়াল বোর্ডের সদস্য পদ ও সিন্ডিকেট সদস্য পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেন।
ঘটনাটি তদন্তে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেলকে প্রধান করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের স্বার্থে তিনি সব প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন।'
এদিকে, গতকাল রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ফারহানা ইয়াসমিন বাতেন বলেন, যাদের চুল কাটা হয়েছে বলে দাবি করা হচ্ছে 'আমি তাদেরকে চিনি না।'
এই সাক্ষাৎকার সম্প্রচার হওয়ার পর আজ সকাল থেকে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠে। তাকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে অনশন শুরু করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের একজন অর্থনীতি বিভাগের ছাত্র নাজমুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'শিক্ষক ফারহানা ইয়াসমিন মঙ্গলবার রাতে একটি টেলিভিশনে শিক্ষার্থীদের মিথ্যা দোষারোপ করেছেন। যদি তিনি শিক্ষকতা চালিয়ে যান তাহলে শিক্ষার্থীদের আরও হয়রানি করা হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। তাই আমরা তার স্থায়ী বহিষ্কার দাবি করছি।'