রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বইমেলা
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ২ দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়েছে।
জ্ঞান বিজ্ঞানের প্রসারে বইয়ের ভূমিকা তুলে ধরে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করতেই এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও কর্মকর্তারা।
গত সোমবার ও মঙ্গলবার ২ দিনব্যাপী বইমেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্টল নেয়।
শাহজাদপুর মহিলা কলেজে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-১ এ ২ দিনব্যাপী এ বইমেলার উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আযম।
উপচার্য বলেন, 'বই জ্ঞানের প্রতীক। জ্ঞান-বিজ্ঞানের প্রসারে বইয়ের ভুমিকা তুলে ধরে সবার মাঝে বই পড়ার আগ্রহ বৃদ্ধি করতেই এই বইমেলার উদ্যোগ নেওয়া হয়েছে।'
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও বইমেলায় বইপ্রেমি সাধারণ মানুষ অংশ নেন।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান মো. রিফাত-উর-রহমান বলেন, 'বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের জন্য গত ২ সপ্তাহ ধরে আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, বইমেলাসহ প্রথমবারের মতো বিভিন্ন রকম সৃজনশীল আয়োজন করা হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে।'
'এ ধরনের সৃজনশীল আয়োজন অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি জ্ঞান বিকাশে বিরাট ভূমিকা রাখবে,' বলে যোগ করেন তিনি।