রাবির নতুন একাডেমিক ভবন হবে হিমেলের নামে, উপাচার্যের আশ্বাস
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাক চাপায় নিহত শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের নামে নির্মাণাধীন একাডেমিক ভবন নামকরণের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
আজ বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সমস্যা থেকে উত্তরণের উপায় শীর্ষক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তিনি এই ঘোষণা দিয়েছেন।
এছাড়াও আলোচনা অনুষ্ঠানে হিমেলের সহপাঠী ও অন্যান্য শিক্ষার্থীরা আরও কয়েক দফা দাবি জানিয়েছিলেন। এগুলোর মধ্যে-- হিমেলের পরিবারকে ন্যূনতম ৫ কোটি টাকা আর্থিক সহায়তা করা, বিশ্ববিদ্যালয়ের ৩টি ফটকের সামনে ফুট ওভারব্রিজ নির্মাণ করা, ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ বন্ধ ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা, দুর্ঘটনায় জড়িত সকলের দ্রুত বিচার নিশ্চিত করা।
উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এসব দাবির মধ্যে প্রায় দাবিগুলোর সঙ্গেই সহমত জানিয়ে বাস্তবায়নের আশ্বাস দেন। তবে ৫ কোটি টাকা সহায়তার ব্যাপারে তিনি বলেন, 'ওই শিক্ষার্থীর পরিবারের প্রয়োজন অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করা হবে আর্থিক সহযোগীতা করার।'
তিনি আরও বলেন, 'হিমেলের মায়ের যাবতীয় আর্থিক প্রয়োজনের দায়িত্ব নেওয়া হয়েছে। আপাতত তার মায়ের ব্যাংক অ্যাকাউন্টে ৫ লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া, আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তার মাধ্যমে প্রধানমন্ত্রীর ফান্ড থেকে একটি অ্যামাউন্ট আনার চেষ্টা করবো।'
আলোচনার শেষদিকে উপাচার্য তার বক্তব্যে বলেন, 'তোমরা সবাই শিক্ষার্থী, আমরা শিক্ষক। আমাদের সম্পর্কে যেন কোনো বৈরিতা না থাকে। কারও অপচেষ্টায় যেন এটা প্রভাবিত না হয়। আমরা শিক্ষার্থীদের বসবাসযোগ্য একটি ক্যাম্পাস গড়ে দিতে চাই।'
এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুই উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৩০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মোটরসাইকেলে হবিবুর হলের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় নির্মাণ সামগ্রী বহনকারী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থী হিমেল।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলা করেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এছাড়া ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলীকে অব্যাহতি দিয়ে নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন রাস্তায় লাইট পুনঃস্থাপনের কাজ শুরু হয়েছে। এছাড়া নির্মাণকাজ ও বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।