শাবিপ্রবির ছাত্র উপদেশ পরিচালক জহির উদ্দিন আহমেদকে অব্যাহতি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহির উদ্দিন আহমেদকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনের সই করা এক আদেশে তাকে অব্যাহতি দেওয়া হয়।
আদেশে সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীনকে নতুন উপদেশ পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। তিনি শাবিপ্রবির প্রথম নারী অধ্যাপক হিসেবে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে দায়িত্ব পেলেন।
গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলন ১৬ জানুয়ারি শিক্ষার্থীদের উপর পুলিশী অ্যাকশনের পর উপাচার্যের পদত্যাগের আন্দোলনে রূপ নেয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের পাশাপাশি ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহির উদ্দিন আহমেদেরও অপসারণ দাবি করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যাপক জহির শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেন এবং ক্যাম্পাসে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেন। গত ১৬ জানুয়ারি তার নির্দেশেই অবরুদ্ধ উপাচার্যকে মুক্ত করতে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বলেও অভিযোগ শিক্ষার্থীদের।
এর আগে ২০১৭ সালে অধ্যাপক জহির উদ্দিন আহমেদ প্রক্টর হিসেবে দায়িত্ব পেলেও সমালোচনার মুখে তাকে এ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে গত বছর ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে দায়িত্ব পান তিনি।