শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে জাবিতে প্রতীকী ক্লাস

নিজস্ব সংবাদদাতা, জাবি

করোনা মহামারিতে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে প্রতীকী ক্লাস নিয়েছেন দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক রায়হান রাইন।

স্বাস্থ্যবিধি মেনে আজ দুপুর সাড়ে ১২টায় 'উত্তরাধুনিকতা ও ফ্যাসিবাদ' বিষয়ে ক্লাস নেন তিনি। এতে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

তবে, বৃষ্টির কারণে শহীদ মিনারে শুরু হওয়া ক্লাসের বাকি অংশ নতুন কলা ভবনের নিচে অনুষ্ঠিত হয়।

প্রতীকী ক্লাসের বিষয়ে অধ্যাপক রায়হান রাইন দ্য ডেইলি স্টারকে বলেন, 'দীর্ঘদিন ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পুরো শিক্ষা ব্যবস্থা ঝিমিয়ে পড়েছে। আমরা প্রতিবাদের জায়গা থেকে প্রতীকী ক্লাস নিচ্ছি। যাতে যথাযথ কর্তৃপক্ষ দ্রুত সশরীরে উপস্থিতির মাধ্যমে ক্লাস ও পরীক্ষার ব্যবস্থা করেন। শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়।'

ক্লাসে অংশ নেওয়া শিক্ষার্থী ও জাবি ছাত্র ফ্রন্টের আহবায়ক শোভন রহমান বলেন, 'দীর্ঘ আঠারো মাস দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। বিশ্বের বিভিন্ন দেশে নানামুখী পরিকল্পনার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে দেখেছি। কিন্তু, আমাদের দেশে এটা নিয়ে সরকারের উদাসীনতা উদ্বেগের বিষয়। তাই করোনায় স্বাস্থ্যবিধি মেনে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার আন্দোলনের অংশ হিসেবে আমরা এই প্রতিবাদী ক্লাসে অংশ নিয়েছি।'

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে প্রতিবাদী ক্লাস নেন।