শিক্ষামন্ত্রীর আশ্বাসে অবরোধ তুলে নিয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফোন করে আশ্বাস দেওয়ায় কঠোর কর্মসূচি প্রত্যাহার করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ শনিবার সকাল ১১টার দিকে তারা প্রশাসনিক ভবন থেকে অবরোধ তুলে নেন।
শিক্ষামন্ত্রীর কাছ থেকে ন্যায়বিচারের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করলেও অফিস চলাকালীন সময়ে তারা একাডেমিক ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে।
শিক্ষার্থীদের এই আন্দোলনের মুখপাত্র শামীম হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার সঙ্গে মন্ত্রীর কথা হয়েছে। তার আশ্বাসের প্রেক্ষিতে কঠোর কর্মসূচি থেকে সড়ে এসেছি।'
তবে সংস্কৃতি ঐতিহ্য ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন বাতেনকে স্থায়ী বরখাস্ত না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে জানান তিনি।
সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইতিহাস সংস্কৃতি ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের ১৪ শিক্ষার্থীর মাথার চুল কাটার ঘটনায় সোমবার রাতে বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনার পরদিন মঙ্গলবার থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
তারা মঙ্গলবার সকাল থেকে পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন। বুধবার থেকে ওই শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে অনশন শুরু করেন। বৃহস্পতিবার প্রশাসনিক ভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা।
এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়য়ের সিন্ডিকেটের জরুরি সভায় বৃহস্পতিবার রাতে সংস্কৃতি ঐতিহ্য ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন বাতেনকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এবং আন্দোলনের আরেক মুখপাত্র নাজমুল হাসান পাপন বলেন, 'আগামীকাল তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। আমরা মঙ্গলবার পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করব।'
বিশ্ববিদ্যালয়য়ের প্রোক্টর রওশন আলম দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, 'শিক্ষার্থীরা বাস্তবতা না বুঝে আন্দোলন চালিয়ে যাচ্ছে। চাইলেই কাউকে তাৎক্ষণিক চাকুরিচ্যুত করা যায় না, এজন্য নিয়ম আছ। তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেবে প্রশাসন।'