শৃঙ্খলা পরিপন্থী কাজ বরদাস্ত করা হবে না: ঢাবি উপাচার্য
তালা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে শিক্ষার্থীদের প্রবেশের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, 'শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ বিশ্ববিদ্যালয় বরদাস্ত করে না৷'
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন৷
গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের প্রধান ফটকের তালা ভেঙে জোর করে ভেতরে প্রবেশ করে কিছু শিক্ষার্থী৷ হল প্রভোস্ট অধ্যাপক ড. ইশতিয়াক এম সৈয়দ শিক্ষার্থীদের বুঝিয়েও হল থেকে বের করতে পারেননি বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন৷
উপাচার্য বলেন, 'আবাসিক হলের তালা ভেঙে প্রবেশের খবরটি আমরা পেয়েছি৷ আইন তার নিজস্ব গতিতে চলবে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ৫ অক্টোবর যথারীতি নির্ধারিত শর্ত মোতাবেক খুলবে৷ হলগুলো খুলতে ইতোমধ্যে হল প্রভোস্টরা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন৷'
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, 'শৃঙ্খলা ভঙ্গ কেউ না করি, সকলে দায়িত্বশীল আচরণ করি৷ এ বিষয়ে আমরা সকলে যত্নশীল থাকব৷ আজকে সন্ধ্যায় প্রভোস্ট কমিটির একটি জরুরি সভা ডাকা হয়েছে৷ শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ বিশ্ববিদ্যালয় বরদাস্ত করে না৷'
হল প্রভোস্ট অধ্যাপক ড ইশতিয়াক এম সৈয়দ দ্য ডেইলি স্টারকে বলেন, 'যেসব শিক্ষার্থী হলে প্রবেশ করেছে, তারা আমাদের কথা শোনেনি৷ এখনও হলের ভেতরে অবস্থান করছেন৷ এ বিষয়ে আজ একটি সভা আছে৷'
গতকাল শিক্ষার্থীদের একটি অংশ অমর একুশে হলে ঢুকে পড়ে৷ তারা বলছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৫ অক্টোবর হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে৷ কিন্তু, যারা বিভিন্ন মেসে ছিল তাদেরকে মাসের প্রথম ৪ দিন সেখানে থাকার জন্য পুরো মাসের ভাড়া দিতে হবে৷ এজন্য তারা ১ অক্টোবর হলে উঠেছেন৷
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, শুধুমাত্র অনার্স চতুর্থ ও মাস্টার্সের শিক্ষার্থী করোনা টিকা গ্রহণের সনদ দেখিয়ে ৫ অক্টোবর থেকে হলে উঠতে পারবেন৷