শেষ হলো ১৩তম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

নিজস্ব সংবাদদাতা, ঢাবি 

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ডিইউএফএস) আয়োজিত তিন দিনব্যাপী ১৩তম 'আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের' সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সে এবারের আসরের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বাংলাদেশ প্রতিনিধির পক্ষে ইউএনএইচসিআর বাংলাদেশের সিনিয়র প্রটেকশন অফিসার সুভাস উস্তে। 

জুনাইদ আহমেদ পলক বলেন, 'আমি অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি যে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে একটি আধুনিক অ্যামিনেশন ল্যাব সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। এটির জন্যে ইতোমধ্যে ১০ লাখ ডলার বরাদ্দ দিয়েছি।'

এ ছাড়া, ৪০টি বিশ্ববিদ্যালয় পর্যায়ের অ্যানিমেশন ল্যাব সেন্টার স্থাপন এবং ১৬ হাজার তরুণের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। 

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদে 'জহির রায়হান স্টুডেন্ট ফিল্ম ল্যাব' স্থাপনে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। 

অধ্যাপক ড. এ এস এম  মাকসুদ কামাল বলেন, 'শরণার্থীদের ওপর হওয়া নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে আমাদের শিক্ষার্থীরা আওয়াজ তুলবে এটাই প্রত্যাশা। চলচ্চিত্র, ছবি এগুলো অত্যন্ত গভীর গুরুত্ব বহন করে। ইতিহাসকে তুলে ধরে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ধরনের একটি বড় উৎসবের আয়োজন করছে, এতে আমরা গর্বিত। ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের এই ধরনের আয়োজনের আরও বিস্তৃত সমর্থন দেবে।'

ডিইউএফএস আয়োজিত এই উৎসবের ১৩তম আয়োজনের সহযোগিতায় ছিল জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। 

উৎসবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হল, জহির রায়হান বেস্ট শর্ট 'আফটার ক্লাস', পরিচালক চার্লস্‌ জিউঝি ডঙ (যুক্তরাষ্ট্র); তারেক মাসুদ বেস্ট ইমার্জিং ডিরেক্টর 'লটারী', পরিচালক কে এম কনক (বাংলাদেশ); শর্ট ফিল্ম অন রিফিউজি বিজয়ী 'ম্যাচস্টিক', পরিচালক মাহমুদ আহমেদ ((ফিলিস্তিন) ও শর্ট ফিল্ম অন রিফিউজি রানারআপ 'ফ্রেমস', পরিচালক জাফর ইয়রগার্ন্সি (তুরস্ক)।

'টেক ইউর ক্যামেরা, ফ্রেম ইউর ড্রিম' স্লোগানে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (আইআইইউএসএফএফ) উৎসব ২০০৭ সালে যাত্রা শুরু করে। 

মূলত বিশ্বব্যাপী তরুণ নির্মাতাদের সৃজনশীলতাকে বড় পর্দায় দর্শকের কাছে তুলে ধরার উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ উৎসবটি আয়োজন করে থাকে। 

এ বছর উৎসবের ১৩তম আসরে বিশ্বের ৯৫টি দেশ থেকে মোট এক হাজার ৩১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়ে।