সেশন চার্জ-বেতন মওকুফের দাবিতে বিএম কলেজ শিক্ষার্থীদের রাস্তা অবরোধ
সেশন চার্জ ও বেতন মওকুফের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।
আজ শনিবার সকালে তারা এই কর্মসূচীর ডাক দেন। সকাল ১১ টা থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল।
চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসনাত আরেফিন দ্য ডেইলি স্টারকে জানান, ফরম পূরণের জন্য ৬ হাজার ৪০০ টাকা ধার্য করা হয়েছে। অথচ করোনার সময় কোনো ক্লাস ছিলনা। তাহলে তারা কেন সেশন চার্জ ও বেতন নিবে।
ভূগোল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাইমুল দ্য ডেইলি স্টারকে জানান, একই দাবিতে সরকারি হাতেম আলী কলেজে আন্দোলন হলে সেখানে ৬ হাজার টাকার পরিবর্তে ৪ হাজার ৫০০ টাকা করা হলে এখানে কেন কমানো হবে না।
শিক্ষার্থীরা জানান, তাদের দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচী দেওয়া হবে।
সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'সেশন চার্জ ও বেতনসহ ১ হাজার ৮৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান বিভাগে সামান্য বেশি। কলেজের এই বেতন দিয়ে সব ব্যয় ও অনুষ্ঠান সম্পন্ন করা হয়। আমি কিভাবে এটা কমাতে পারি। এটি মন্ত্রণালয় দ্বারা অনুমোদিত।'