১০ হাজার টাকা দিচ্ছি, পারলে আমাকে অ্যারেস্ট করুক: জাফর ইকবাল

নিজস্ব সংবাদদাতা, সিলেট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে সহায়তা করায় ৫ সাবেক শিক্ষার্থী আটক হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ড. মুহম্মদ জাফর ইকবাল উপস্থিত সাংবাদিকদের বলেন, 'আন্দোলনের সহায়তা করা কোন অপরাধ নয়।'

তিনি আরও বলেন, 'সাবেক শিক্ষার্থীরা আন্দোলনে সহায়তা করতেই পারে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর একটা স্মারকগ্রন্থে লেখার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাকে ১০ হাজার টাকা সম্মানী দেওয়া হয়েছে। আমি এই সম্মানীর টাকাটা আন্দোলনের ফান্ডে দিচ্ছি। এবার পারলে আমাকে অ্যারেস্ট করুক।'

dr_zafar_iqbal_4_0.jpg
ছবি: শেখ নাসির/স্টার

তিনি বলেন, 'আমি আইজিপিকে বলেছি, ছাত্রদের বিশ্বাস করুন। তাদের মারবেন না। সবার হাতে স্মার্টফোন থাকে। একটা ছবি দেখান যে, ছাত্ররা গুলি করেছে। এ সবের কোনো প্রমাণ নেই।'

তিনি আরও বলেন, 'আমি ধরে নিয়েছিলাম, অনশনের এখানে মেডিকেল টিম আছে। কিন্তু, এখানে এসে দেখলাম, ডাক্তাররা ছিলেন। কিন্তু, তাদের ভয়-ভীতি দেখিয়ে এখান থেকে সরিয়ে দিয়েছে। এখানে অনশনকারীদের অবস্থাই যখন এতো খারাপ, তাহলে অসুস্থ (হাসপাতালে ভর্তি) ২০ জনের কী অবস্থা! আমি শঙ্কিত। এটা চরম অমানবিকতা।'