১১টি বাংলা সিনেমা নিয়ে টিএসসিতে ‘অয়নের জন্য চলচ্চিত্র’

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী অয়ন ভট্টাচার্য হৃদরোগে আক্রান্ত হওয়ায় তার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ৩ দিনব্যাপী বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে 'অয়নের জন্য চলচ্চিত্র' প্রদর্শনীর সার্বিক সহযোগিতায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। 

আজ বুধবার আয়োজনের প্রথম দিনে প্রদর্শিত হয়েছে 'মনের মাঝে তুমি', 'দারুচিনি দ্বীপ' ও 'মনপুরা' চলচ্চিত্র।
 
আগামীকাল সকাল ১০টায় মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত 'টেলিভিশন', দুপুর ১২টায় রেদোয়ান রনি পরিচালিত 'চোরাবালি', বিকাল ৩টায় দীপঙ্কর দীপন পরিচালিত 'ঢাকা অ্যাটাক' এবং সন্ধ্যা ৬টায় তানিম রহমান পরিচালিত 'ন ডরাই' প্রদর্শিত হবে। 

এছাড়া, শুক্রবার সকাল ১০টায় হুমায়ূন আহমেদ পরিচালিত 'নয় নম্বর বিপদ সংকেত', দুপুর ১২টায় নূর ইমরান মিঠু পরিচালিত 'কমলা রকেট', বিকাল ৩টায় সোহেল মোহাম্মদ রানা পরিচালিত 'মুজিব আমার পিতা' এবং সন্ধ্যা ৬টায় অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত 'আয়নাবাজি' প্রদর্শিত হবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের তথ্য ও যোগাযোগ সম্পাদক উন্মেষ আরিফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'অয়ন ভট্টাচার্যের চিকিৎসার জন্য ৩৫ লাখ টাকা প্রয়োজন। অর্থ সংগ্রহের জন্যই আমরা এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছি। প্রদর্শনীতে মোট ১১টি বাংলা সিনেমা দেখানো হবে। প্রতিটি টিকিট বিক্রি হচ্ছে ৫০ টাকায়। টিকিট বিক্রির পুরো টাকাই অয়নের চিকিৎসার জন্যে দেওয়া হবে।' 
 
এর আগে গত শুক্রবার অয়নের জন্য দুই দিনব্যাপী 'কনসার্ট ফর অয়ন' নামে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। তবে, কনসার্টের প্রথম দিনে ছাত্রলীগের দুপক্ষের মারামারিতে সেটি বন্ধ হয়ে যায়।